সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষ ব্যবহার করে একটি ভূঁইফোড় সংগঠনের সভা করাকে কেন্দ্র করে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের তৃতীয়তলার সম্মেলন কক্ষে কয়েকজন ব্যক্তি জগন্নাথপুর প্রেসক্লাবের ব্যানারে এ সভার আয়োজন করে বলে অভিযোগ উঠে।
এ বিষয়টি জানতে চাইলে উপজেলা নির্বাহি কর্মকর্তা সম্মেলন কক্ষ ব্যবহার করার অনুমতি দেননি বলে দাবি করেন। অন্যদিকে জেলা প্রশাসক বলেছেন অভিযোগ খতিয়ে দেখা হবে।
জানা গেছে, দুপুরে উপজেলা প্রশাসনের তৃতীয়তলার সম্মেলন কক্ষে জগন্নাথপুর প্রেসক্লাবের নাম ব্যবহার করে শোকসভার আয়োজন করা হয়। শোকসভার ব্যনারে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলামের নাম উল্লেখ রয়েছে। ভবনটির দ্বিতীয়তলায় রয়েছে তাঁর দপ্তর।
এ বিষয়ে জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায় ও সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু বলেন, ‘জগন্নাথপুর প্রেসক্লাবের উদ্যাগে কোন শোকসভা হয়নি। প্রেসক্লাবের নাম ব্যবহার করে কারা উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষ ব্যবহার করে কে বা কারা সভা করল তাতে আমরা বিস্মিত।’
এ প্রসঙ্গে জানতে চাইলে ইউএনও সাজেদুল ইসলাম বলেন, ‘ অসুস্থতার কারণে আমি সারাদিন বাসায় ছিলাম। উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষ ব্যবহার করার বিষয়টি আমার জানা নেই।’
এ বিষয়ে প্রেসক্লাবের সভাপতি শংকর রায় ও সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু মুঠোফোনে সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, কোন ভূঁইফোড় সংগঠন ও বির্তকিত ব্যক্তি উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষ ব্যবহার করতে পারে না। বিষয়টি খতিয়ে দেখা হবে।
সিলেটভিউ২৪ডটকম/এসএইচএস/পিডি




