শেরপুরে মিনি ট্রাকের ড্যাশবোর্ডের ভেতরে লুকিয়ে গাঁজা পাচারকালে ছয় কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-১৪। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে সদরের চাঁন্দেরনগর এলাকা থেকে ওই গাঁজাসহ তাদের আটক করা হয়। 
জানা গেছে, আটককৃত নজরুল ইসলাম (২০) সদরের চৈতনখিলা বটতলা এলাকার মো. মোক্তার আলীর ছেলে ও দুলাল মিয়া (২৬) হবিগঞ্জের লাড়িরহাটি এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে।

 

র‌্যাব জানায়, গোপন খবরের ভিত্তিতে র‌্যাব শেরপুর সদরের চাঁন্দেরনগর এলাকার অভিযান চালায়। এসময় মিনি ট্রাক তল্লাশি করে এর ড্যাশবোর্ডের ভেতরে লুকিয়ে ছয় কেজি গাঁজা পাঁচারকালে নজরুল ও দুলালকে হাতেনাতে আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য এক লাখ আশি হাজার টাকা। এসময় মিনি ট্রাকটিও জব্দ করা হয়।


ঘটনার সত্যতা নিশ্চিত করে জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিকউজ্জামান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/পল্লব-১১


সূত্র : একাত্তর টিভি