গবেষণায় বিশেষ অবদানের জন্য শাহজালাল বিজ্ঞান  ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের ৬ শিক্ষককে 'ভাইস চ্যান্সেলর (ভিসি) অ্যাওয়ার্ড' প্রদান করা হয়েছে।

 


শনিবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে শাবির গবেষণা কেন্দ্রের দশম বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকদের নাম ঘোষণা করা হয়।

 

অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকরা হলেন, স্কুল অব এপ্লাইড সাইন্সেস এন্ড টেকনোলজি অনুষদের সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক সৌরভ রয়, স্কুল অব ফিজিক্যাল সাইন্সেস অনুষদের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. জামাল উদ্দিন।

 

সামাজিক বিজ্ঞান অনুষদের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সেবক কুমার সাহা, স্কুল অব লাইফ সাইন্সেস অনুষদের বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক অজিত ঘোষ।

 

স্কুল অব এগ্রিকালচার এন্ড মিনারেল সাইন্সেস অনুষদের বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহমুদা ইসলাম এবং স্কুল অব ম্যানেজমেন্ট এন্ড বিজনেস এডমিনিস্ট্রেশনের সহযোগী অধ্যাপক আশরাফুল ফেরদৌস চৌধুরী।

 

শাবির গবেষণা কেন্দ্রের আয়োজিত 'রিসার্চ ফাইন্ডিংস-২০২২' শীর্ষক দুই দিনব্যাপী ওই সম্মেলনের উদ্বোধনীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন।

 

এসময় তিনি বলেন, শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা বাংলাদেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়। জননেত্রী শেখ হাসিনার আধুনিক এবং স্মার্ট বাংলাদেশ গঠনে বিশ্ববিদ্যালয়গুলোতে বিশ্বমানের গবেষণা হতে হবে।

 

''বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এ বিশ্ববিদ্যালয়ের গবেষণা উন্নয়নে সর্বদা পাশে ছিলো, আছে এবং থাকবে।''

 

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ''বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাজেট ইতোমধ্যে  ৮ কোটি টাকায় উন্নিত করা হয়েছে। বিশ্বমানের গবেষণা নিশ্চিতে টার্নিটিন  সফটওয়ার ব্যবহার করা হচ্ছে।''

 

তিনি আরও বলেন, ''আগামী বছরগুলোতে গবেষণা বাজেট ১০ কোটিতে চলে যাবে। সকল গবেষকদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা আগামীতে আরো সফলতার মুখ দেখব।''

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা ও  এবং  প্রধান নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী।

 

এতে স্বাগত বক্তব্য রাখেন- শাবির গবেষণা কেন্দ্রের  পরিচালক অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম এবং ধনব্যাদ জ্ঞাপন করেন গবেষণা কেন্দ্রের সদস্য অধ্যাপক  ড. এ জেড এম মনজুর রশিদ।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গনেষণা কেন্দ্রের সদস্য অধ্যাপক ড. মনিরুল ইসলাম।

 

সিলেটভিউ২৪ডটকম/নোমান/এসডি-০৭