সিলেট মহানগরের জেলরোড থেকে ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানাধীন বন্দরবাজার ফাঁড়িপুলিশ। সোমবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মৌলভীবাজার জেলার রাজনগর থানার একামধু গ্রামের নুরুজ্জামানের ছেলে উজ্জল (২৭), সুনামগঞ্জ জেলার ছাতক থানার ঝিকলি গোবিন্দগঞ্জ গ্রামের মৃত আব্দুর নূরের ছেলে আলী নূর (২৬), হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার খাড়াউড়া গ্রামের হরমুজ আলীর ছেলে বুলবুল আহম্মদ (৩৩) ও সিলেট জেলার জৈন্তাপুর থানার ঠাকুরমাটি গ্রামের আখলুছ মিয়ার ছেলে সেলিম (২৫)।
গ্রেফতারকালে তাদের কাছ থেকে ৪টি ধারালো চাকু জব্দ ও ছিনতাইকৃত মোবাইল সেট উদ্ধার করে পুলিশ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার সুদ্বীপ দাস মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে জানান- গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. সাজেদুল করিম সরকারের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে জেলরোডের প্রবেশমুখ থেকে এই চার ছিনতাইকারীকে গ্রেফতার করে।
পরে তাদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক আদালতে প্রেরণ করা হয়।
সিলেটভিউ২৪ডটকম / ডালিম




