দেশের মাত্র ১৮তম এবং সিলেট বিভাগের একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে শিক্ষা মন্ত্রণালয় থেকে স্থায়ী সনদ পেয়েছে মেট্রোপলিটন ইউনিভার্সিটি। আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যাল-১ শাখার উপসচিব ড. মো. ফরহাদ হোসেন প্রেরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।

 

 

প্রেরিত পত্রে উল্লেখ করা হয়েছে,  ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ এর ধারা ১০ মোতাবেক  মেট্রোপলিটন ইউনিভার্সিটি, বটেশ্বর, সিলেট-৩১০৪ এর অনূকূলে স্থায়ীভাবে বিশ্ববিদ্যালয় স্থাপন ও পরিচালনার জন্য সনদপত্র নির্দেশক্রমে প্রদান করা হলো।’

 

 

শিক্ষানুরাগী ড. তৌফিক রহমান চৌধুরীর উদ্যোগে মেট্রোপলিটন ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়। ২০০৩ সালের ৩ মে শিক্ষা মন্ত্রণালয়ের সাময়িক সনদ নিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করে মেট্রোপলিটন ইউনিভার্সিটি। শুরুতে সিলেট নগরের প্রাণকেন্দ্র জিন্দাবাজারের একটি ভবনে শুরু হয় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। ২০১৯ সালে সিলেট শহরতলির বটেশ্বর এলাকায় প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা মনোরম পরিবেশে স্থাপিত হয় স্থায়ী ক্যাম্পাস। বিগত ২১ বছরে এ বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাগ্রহণ করে ডিগ্রি অর্জন করা গ্র্যাজুয়েটরা গুগল, অ্যামাজনসহ দেশ-বিদেশের প্রথিতযশা প্রতিষ্ঠানসমূহে সুনাম ও দক্ষতার সাথে কাজ করছেন। বিশ্ববিদ্যালয়ের ৪টি অনুষদের অধীনে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ইলেট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ব্যবসায় প্রশাসন, আইন ও বিচার, ইংরেজি এবং অর্থনীতি এ ৭টি বিভাগ রয়েছে। ইতোমধ্যে ৩ টি সফল সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে ৪র্থ সমাবর্তন আয়োজনের জোর প্রস্তুতি চলছে।

 

 

এদিকে, স্থায়ী সনদ প্রাপ্তিতে মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী, ভাইস চেয়ারম্যান তানভীর রহমান চৌধুরী, ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক শাকিল, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনসহ সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও বিভাগসমূহ, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ, বোর্ড অব অ্যাডভাইজর, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্যবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, তাদের অভিভাবকবৃন্দসহ সকল শুভানুধ্যায়ী, শুভাকাক্সক্ষীদের ধন্যবাদ, কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন।

 

 

প্রসঙ্গত, বাংলাদেশে ১১৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। তন্মধ্যে মেট্রোপলিটন ইউনিভার্সিটি দেশের ১৮তম ও সিলেটের প্রথম এবং একমাত্র স্থায়ী সনদপ্রাপ্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে