ব্রিটেন জুড়ে চলমান তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।
আবহাওয়াবিদদের ধারণা, এই তাপপ্রবাহ আরও অন্তত এক সপ্তাহ স্থায়ী হতে পারে। ফলে গরম থেকে স্বস্তি পেতে মানুষ হুমড়ি খেয়ে পড়ছেন বিভিন্ন ধরনের ফ্যান, কুলার ও এয়ারকন্ডিশনার কেনার জন্য।
লন্ডন সহ বিভিন্ন শহরের ইলেকট্রনিক্স দোকানগুলোতে গত কয়েক দিনে বিক্রি বেড়েছে কয়েকগুণ। অনেক দোকান মালিক জানিয়েছেন, সাধারণ সময়ের তুলনায় এখন ফ্যান ও এয়ারকন্ডিশনারের চাহিদা এতটাই বেশি যে নতুন চালান আসার আগেই প্রায় সব পণ্য বিক্রি হয়ে যাচ্ছে।
ক্রেতাদের অনেকে জানিয়েছেন, এক দোকান থেকে আরেক দোকানে ঘুরেও তারা প্রয়োজনীয় ফ্যান পাচ্ছেন না। বিশেষ করে স্ট্যান্ড ফ্যান, টাওয়ার ফ্যান ও পোর্টেবল এয়ারকন্ডিশনারের সংকট সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। অনেক জনপ্রিয় মডেল ইতোমধ্যে “আউট অব স্টক” হয়ে গেছে।
যারা সময়মতো ফ্যান কিনতে পেরেছেন, তারা স্বস্তি প্রকাশ করেছেন। কয়েকজন ক্রেতা বলেন, “এই গরমে ফ্যান ছাড়া ঘরে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। অনেক কষ্টে একটি ফ্যান পেয়েছি, তাই খুব খুশি।”
দোকান মালিকদের ভাষ্য, হঠাৎ অতিরিক্ত গরমের কারণে চাহিদা কয়েকগুণ বেড়ে গেছে। ফলে সরবরাহ ঠিক রাখতে হিমশিম খেতে হচ্ছে। কিছু দোকানে নতুন পণ্য আনার চেষ্টা চলছে, তবে দ্রুত পরিস্থিতির উন্নতি হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।
এদিকে আবহাওয়া বিশেষজ্ঞরা জনগণকে অপ্রয়োজনীয় রোদে বাইরে না যাওয়া, পর্যাপ্ত পানি পান করা এবং ঘরের ভেতর ঠান্ডা পরিবেশ বজায় রাখার পরামর্শ দিয়েছেন। বিশেষ করে শিশু ও বয়স্কদের প্রতি বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/শামীম/এসডি-০২




