হবিগঞ্জের বাহুবল উপজেলায় নিজেদের নির্মাণাধীন বসতঘরের পানির লাইন মেরামতের সময় বিদ্যুৎস্পর্শ হয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।

মৃতরা হলেন মৃত সুরুজ আলীর ছেলে আইনউদ্দিন (৫০) এবং তার ছেলে রাশেদ মিয়া (১৭)। তারা উপজেলার পূর্ব ভাদেশ্বর গ্রামের বাসিন্দা।

শুক্রবার (৫ জুন) এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিজেদের নির্মাণাধীন বসতঘরের পেছনে পানির লাইন মেরামতের জন্য তারা গর্ত খনন করেন। এ সময় পানি উত্তোলনের জন্য ব্যবহৃত বৈদ্যুতিক লাইনে সমস্যা দেখা দিলে সেটি পুনরায় সংযোগ দিতে গিয়ে তারা বিদ্যুৎস্পর্শ হন।

স্থানীয় লোকজন ও স্বজনরা তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বাহুবল মডেল থানার এসআই বি এম সাদ্দাম বলেন, খবর পেয়ে আমরা বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হই। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সিলেটভিউ২৪ডটকম/পিটি