ছবি: সংগৃহিত
সিলেটের জৈন্তাপুর উপজেলায় শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, বৃত্তি কার্যক্রম পরিচালনা এবং যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যায় জৈন্তাপুর প্রেসক্লাবে আয়োজিত এ সভায় স্থানীয় শিক্ষক, সাংবাদিক, ইমামসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলালের সভাপতিত্বে এবং সহ-সভাপতি আব্দুল হালিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জৈন্তাপুর উপজেলার শিক্ষা ও সামগ্রিক সামাজিক উন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনা শেষে কার্যক্রম বাস্তবায়নের জন্য ‘জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন’ নামে একটি সংগঠন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সর্বসম্মতিক্রমে সাংবাদিক আব্দুল হালিমকে ফাউন্ডেশনের আহ্বায়ক এবং আদিবাসী নেতা ক্লেমেন্ট চিশিম বর্ষাকে সদস্য সচিব মনোনীত করা হয়।
ফাউন্ডেশনের সদস্য হিসেবে রয়েছেন গোলাম সরওয়ার বেলাল, মাওলানা রফিকুল ইসলাম রায়হান, সুবীর চক্রবর্তী, মাসুক আহমদ, জামিল আহমদ জাবেদ, রুহুল আমিন কামাল, সাংবাদিক জাহিদুল ইসলাম, বিলালুর রহমান, মাওলানা সাদ উদ্দিন, আমিনুল হক, খন্দকার জয়নাল আবেদিন, অলিউডর রহমান গুলশান এবং সজিব আহমদ।
সভায় জানানো হয়, পরবর্তী সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে একটি উপদেষ্টা কমিটি গঠন করা হবে। এছাড়া শিক্ষা উন্নয়ন, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফাউন্ডেশন বিভিন্ন কার্যক্রম হাতে নেবে।
সিলেটভিউ২৪ডটকম/ইকে




