ছবি: মাশরাফি চৌধুরী ফাইজা।
ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর অফিসিয়াল অ্যাম্বাসেডর হিসেবে নির্বাচিত হয়েছেন সিলেট বিভাগের সুনামগঞ্জের মাশরাফি চৌধুরী ফাইজা। ফাইজা সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের রাড়ইল গ্রামের কৃতি সন্তান। তার এই অর্জন শুধু পরিবার নয়, পুরো দিরাই উপজেলা ও বাংলাদেশের জন্য গর্বের বিষয় হয়ে উঠেছে।
ফাইজা বর্তমানে কানাডার ইয়র্ক ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী। বিশ্বকাপ উপলক্ষে কানাডার টরেন্টো শহরে আয়োজিত বিভিন্ন আন্তর্জাতিক কার্যক্রমে তিনি দায়িত্ব পালন করছেন। এসব আয়োজনে তিনি বিশ্বকাপ সংশ্লিষ্ট আন্তর্জাতিক অতিথি, ক্রীড়া কর্মকর্তা ও খেলোয়াড়দের সঙ্গে সরাসরি কাজ করার সুযোগ পাচ্ছেন, যা তার অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করছে।
ফাইজার এ সাফল্যের বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা মুস্তাক আহমেদ চৌধুরী। তিনি কানাডা প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব। তিনি জানান, এটি আমাদের পরিবারের জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত। একই সঙ্গে দিরাইসহ পুরো বাংলাদেশের জন্যও এটি আনন্দের সংবাদ।
পারিবারিক সূত্রে জানা যায়, ফাইজা কানাডায় বসবাসরত সুনামগঞ্জ সমিতির সহ-সভাপতি এবং টরেন্টো দিরাই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা মুস্তাক আহমেদ চৌধুরী ও সাবরিনা আক্তার জাহান চৌধুরীর কন্যা। ছোটবেলা থেকেই তিনি মেধাবী ও বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। শিক্ষার পাশাপাশি সামাজিক ও আন্তর্জাতিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি নিজেকে গড়ে তুলেছেন একজন আত্মবিশ্বাসী তরুণ নেতৃত্ব হিসেবে।
উল্লেখ্য, ফিফা বিশ্বকাপ ২০২৬ কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে। এই বিশ্বকাপকে ঘিরে ইতোমধ্যে বিভিন্ন দেশে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু হয়েছে, যেখানে তরুণ প্রজন্মের প্রতিনিধিত্বকারী হিসেবে ফাইজার মতো মেধাবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
সিলেটভিউ২৪ডটকম/ হিল্লোল/ এহিয়া




