বাংলাদেশ জাতীয় সংসদে উত্থাপিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে স্বাগত জানিয়েছেন ফ্রান্স বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম রেজা। তিনি বাজেটকে ‘জনমুখী, বাস্তবসম্মত ও অর্থনৈতিক পুনরুদ্ধারের অনন্য দলিল’ হিসেবে অভিহিত করেছেন।

সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, আগামী অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট দেশের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিবৃতিতে তিনি বাজেট উপস্থাপনের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় এই বাজেটে দীর্ঘমেয়াদি উন্নয়ন ও অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনের দিকনির্দেশনা রয়েছে।

তিনি আরও বলেন, রপ্তানিমুখী শিল্প, তৈরি পোশাক খাত এবং উৎপাদনমুখী খাতের কাঁচামাল আমদানিতে অগ্রিম কর ও উৎসে কর হ্রাস শিল্পায়ন ও বিনিয়োগে ইতিবাচক প্রভাব ফেলবে।

এছাড়া ‘কৃষক কার্ড’ কর্মসূচির আওতায় বরাদ্দ বৃদ্ধি এবং বেসরকারি চাকরিজীবীদের অবসরকালীন গ্র্যাচুইটির প্রস্তাবকে তিনি জনকল্যাণমুখী উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

বিবৃতির শেষে রেজাউল করিম রেজা আশা প্রকাশ করেন, এই বাজেটের সফল বাস্তবায়নের মাধ্যমে তৃণমূল মানুষের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পাবে এবং দেশের সামষ্টিক অর্থনীতি আরও শক্তিশালী ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হবে।

 


সিলেটভিউ২৪ডটকম/নজমুল/এসডি-০১