ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন। এসব কর্মসূচিতে অনিয়মে জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে মন্ত্রণালয়ের ৮ কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছে বলেও জানান তিনি।


শুক্রবার (১৯ জুন) দুপুর মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন, সেবার মানোন্নয়ন এবং সুবিধাভোগীদের কল্যাণ নিশ্চিতকরণে মতবিনিময় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীন।
 

বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান এবং মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নূরমহল আশরাফী।

বক্তব্যে প্রতিমন্ত্রী ফারজানা শারমীন সরকারি কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। এসব কর্মসূচিতে অনিয়মে জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে মন্ত্রণালয়ের ৮ কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছে।
 

তিনি বলেন, সরকারের প্রধান লক্ষ্য হলো সমাজের প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে নারী, শিশু, প্রবীণ ও অসহায় মানুষের কাছে রাষ্ট্রের সেবা ও সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়া। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রদত্ত সুবিধা যেন প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছায়, সে বিষয়ে সংশ্লিষ্টদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার সমাজের পিছিয়ে পড়া, অসহায় ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন ভাতা, পুনর্বাসন ও সহায়তা কার্যক্রমের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো হচ্ছে।
 

তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নন, বরং তারা দেশের সম্পদ। তাদের দক্ষতা ও সক্ষমতা বিকাশের মাধ্যমে উৎপাদনশীল জনশক্তিতে পরিণত করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

তিনি আরও বলেন, একটি মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও কল্যাণমুখী সমাজ গঠনে সরকারের পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
 

মতবিনিময় সভায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভা শেষে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তায় ৬ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়। এ সময় উপকারভোগীরা সরকারের এ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৯