ছবি: সিলেট ভিউ গ্রাফিক্স।

সিলেট মহানগরীতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ২৪জনের নামোল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪০/৪৫জনকে আসামি করে মোট ৬৯জন নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) এসআই মাসুদ আহমদ বাদী হয়ে কোতোয়ালী থানায় সন্ত্রাস বিরোধী আইনে ২০০৯ সংশোধিত ১৩ (৯)(৩)১০-১১-১২-১৩ ধারায় এ মামলাটি (নং ২৬(০৬)২০২৬) দায়ের করেন।

 

জানা গেছে, এই মামলায় পুলিশ ওই দিনই মঙ্গলবার (১৬ জুন) ইব্রাহিম মোস্তফা মাহী (২০), সানিয়াদ আহমদ (১৯), রেদুয়ান আহমদ রাব্বী (২৪), আশরাফুল আহমদ শাহী (২৫) ও সাকির আহমদকে (৩১) এবং পরবর্তীতে বৃহস্পতিবার (১৮ জুন) ফুয়াদ আহমদ (৩২)কে গ্রেফতার করা হয়। এছাড়াও ওই মামলায় ২৪জনের নামোল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪০/৪৫জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। 

 

মামলার আসামীরা হলেন, সিলেট নগরীর নয়াসড়ক ঠিকানা টাওয়ারের ইব্রাহিম মোস্তফা মাহি (২০), কালিবাড়ি শাহজালাল আবাসিক এলাকার ৭ নম্বর বাসার সানিয়াদ আহমদ (১৯), তার ভাই আশরাফুল আহমদ শাহী (২৫), নোয়াপাড়া বন্ধন বি-২৩ নম্বর বাসার রেদোয়ান আহমদ রাব্বি (২৪), মুন্সিপাড়ার ১৬/জি নম্বর বাসার মো. সাবিক আহমদ (৩১), সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদ (৩৭), মহানগর ছাত্রলীগের সাবেক সহসভাপতি সুজেল আহমদ তালুকদার (৩৭), করেরপাড়ার বাসিন্দা মহানগর ছাত্রলীগ নেতা তানভীর আহমদ (৩৭), জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাওয়াদ হোসেন খান (২৯), সিলেট লিডিং ইউনিভার্সিটি ছাত্রলীগের সাবেক সভাপতি ফাহিম আহমদ (৩২), জেলা ছাত্রলীগ নেতা সঞ্জয় সরকার (৩০), নর্থ ইস্ট ইউনিভার্সিটি ছাত্রলীগের সাবেক সভাপতি দীপরাজ দাশ দিপায়ন (২৮),  শাহপরাণ মুক্তিরচকের সাহেল হোসেন (২৮), হাওলাদারপাড়ার তারেকুর রহমান রাফি (৩০), মোহাম্মদ আবাসিক এলাকার সাব্বির খান (৩০), ১১নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ইয়ামিন আহমদ সোহান (২৬), জালালাবাদ থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রূপম কান্তি দাশ (৩০), বিলপাড় ৪২ নম্বর বাসার ফুয়াদ আহমদ (৩২), মদন মোহন কলেজ ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান মনির (২৯), কালিবাড়ির সমর সরকার (২০), ৮নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি লিজন, ১৪নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান রাহি (২৮), ছাত্রলীগকর্মী ঘাসিটুলা মরাটিলার তরিকুল ইসলাম (৩০) ও মদন মোহন কলেজ ছাত্রলীগ নেতা মো. লাবলু আহমদ (২৯)।

 

সূত্রে জানা গেছে, এই মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে রয়েছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির। তিনি বলেন, ‘নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের ঝটিকা বিক্ষোভ মিছিলের ঘটনায় দায়ের করা মামলায় এখন পর্যন্ত পুলিশ ছয়জনকে গ্রেফতার করেছে। এবং তাদের আদালতেও সৌপর্দ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

 

উল্লেখ্য, মঙ্গলবার (১৬ জুন) সকাল সাড়ে ৭টার দিকে সিলেট মহানগরীর নবাব রোড এলাকায় পিডিবি অফিসের সামনে থেকে মদিনা মার্কেটের দিকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের ৪০/৫০ জনের নেতাকর্মীদের একটি ঝটিকা বিক্ষোভ মিছিল হয়েছে। সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খানের উদ্যোগে কর্মসূচিটি আয়োজন করা হয়। মিছিলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। বিক্ষোভকারীদের বহন করা ব্যানারে আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, রাজবন্দীদের মুক্তি এবং ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবি জানানো হয়। এই মিছিলের নেতৃত্ব দেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদ।

 

 

সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া