ছবি: সংগৃহিত
উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ ১১ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। তারা জামালপুরের মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি হলেন জীবন কৃষ্ণ সাহা। তিনি ছাড়াও এ উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ ও তাঁতী লীগের আরও ১০ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন। আদালত তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সোমবার (২২ জুন) দুপুরে জামালপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তারা। শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোমানা আক্তার জামিন আবেদন নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
কারাগারে পাঠানো ব্যক্তিরা হলেন, মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জীবন কৃষ্ণ সাহা (৬৫), উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক (৫৫), সিধুলী ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম (৫২), সিধুলী ইউনিয়ন শ্রমিক লীগের তাঁতী লীগের সভাপতি মেজবা উদ্দিন (৬০), ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আনোয়ার হোসেন আনার (৫৮), ইউনিয়ন শ্রমিক লীগের সহ-সভাপতি সুলতান (৪৫), সিধুলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ফজল (৪৫), আদারভিটা ইউনিয়ন আওয়ামী লীগের নেতা আওয়াল মোল্লা, (৫৯) আওয়ামী লীগকর্মী, সাইফুল ইসলাম সাইরুদ্দিন (৪৮), লাভলু (৪৫) ও হারুন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালে মাদারগঞ্জ থানায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন এবং আদারভিটা ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল্লাহ আল মামুন পৃথক নাশকতা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করেন। ওই দুই মামলায় উল্লিখিত নেতাকর্মীদের আসামি করা হয়। দীর্ঘদিন পলাতক থাকার পর সোমবার তারা আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। তবে মামলার নথিপত্র পর্যালোচনা ও শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি মাহবুবুর রহমান সোহেল তথ্যটি নিশ্চিত করে বলেন, মামলা দুটি বর্তমানে বিচারাধীন রয়েছে এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইকে



