নিজস্ব প্রতিবেদক, বড়লেখা:: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে ‘ফোর্স মোবিলাইজেশন ড্রিল’ (বিশেষ মহড়া) পরিচালনা করেছে পুলিশ। সোমবার বিকেলে বড়লেখা থানা পুলিশের উদ্যোগে এ মহড়া অনুষ্ঠিত হয়। এ সময় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি ও নজরদারি চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট রেঞ্জের ডিআইজি মো. জিললুর রহমানের নির্দেশনায় এবং মৌলভীবাজারের পুলিশ সুপার মনিরুল ইসলামেন দিকনির্দেশনায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সোমবার বিকেল ৩টায় বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খানের নেতৃত্বে থানা প্রাঙ্গণ থেকে এই ‘ফোর্স মোবিলাইজেশন ড্রিল’ শুরু হয়। পরে পুলিশের সদস্যরা বড়লেখা পৌর শহরের উত্তর চৌমুহনী এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন করেন। সেখানে বিভিন্ন ধরনের যানবাহন থামিয়ে তল্লাশি চালানো হয় এবং সন্দেহভাজন ব্যক্তিদের পরিচয় ও কার্যক্রম যাচাই করা হয়।
বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান বলেন, সিলেট রেঞ্জের ডিআইজির নির্দেশনা এবং মৌলভীবাজারের পুলিশ সুপারের দিকনির্দেশনায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান দায়িত্ব। এই ফোর্স মোবিলাইজেশন ড্রিলের মাধ্যমে পুলিশের প্রস্তুতি ও সক্ষমতা আরও সুদৃঢ় হয়েছে। তিনি আরও বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল, চেকপোস্ট ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/লাভলু



