ছবি: সিলেট ভিউ।

মৌলভীবাজারের কুলাউড়ায় যানজট নিরসন, মাদক ও অপরাধ দমন, অবৈধ দখল উচ্ছেদ এবং সীমান্ত নিরাপত্তা জোরদারে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। সোমবার (২২ জুন) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।

 

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তার। সভাপতির বক্তব্যে তিনি বলেন, কুলাউড়া শহরের যানজট ও সড়কের পাশে যত্রতত্র পার্কিং বন্ধে প্রশাসনের অভিযান চলমান রয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একটি পরিচ্ছন্ন, শৃঙ্খলাবদ্ধ ও বাসযোগ্য কুলাউড়া গড়ে তুলতে তিনি প্রশাসনের পাশাপাশি সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।

 

সভায় কুলাউড়া শহরের যানজট, সড়কের পাশে অবৈধ পার্কিং, চুরি-ছিনতাই, মাদক ব্যবসা, স্কুল ফিডিং, হিজড়া সম্প্রদায়ের নামে চাঁদাবাজি, থানায় বিচার কার্যক্রমের অগ্রগতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

 

সভায় বক্তব্য রাখেন-উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুল ইসলাম, কুলাউড়া থানার ওসি জহিরুল ইসলাম মুন্না, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু মাসুদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ খোরশেদ আলম, কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মো. রেদওয়ান খান, সাবেক সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. আব্দুল মুন্তাজিম, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন, জমিয়তে উলামা ইসলামের সাধারণ সম্পাদক মো. নেজাম উদ্দিন, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির ও নুর আহমদ চৌধুরী বুলবুল এবং প্রভাষক তাহমিনা সুলতানা।

 

এছাড়া সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. ফারহানা আক্তার জেরিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নিবাস চন্দ্র পাল, কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ একেএম শাহজালালসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ।

 

 

সিলেটভিউ২৪ডটকম/ অনি/ এহিয়া