ছবি: এআই।

দেশের গ্যাস সংকট নিরসনে সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। অনুসন্ধানের আওতায় রয়েছে সিলেট ও হবিগঞ্জের বেশ কয়েকটি এলাকা।

 

সোমবার জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এ তথ্য জানিয়েছেন।

 

সংসদে মন্ত্রী নতুন সম্ভাব্য গ্যাসক্ষেত্র চিহ্নিত করতে চলমান সিসমিক জরিপ কার্যক্রমের বিষয়েও আলোকপাত করেন।

 

মন্ত্রী বলেন, ‘ব্লক-৭ ও ব্লক-৯ এলাকায় প্রায় চার হাজার ৫০০ লাইন কিলোমিটার দ্বিমাত্রিক (২ডি) সিসমিক তথ্য সংগ্রহ করা হয়েছে এবং বর্তমানে এসব তথ্য প্রক্রিয়াকরণের কাজ চলছে।’

 

এছাড়া হবিগঞ্জ, বাখরাবাদ ও মেঘনা গ্যাসক্ষেত্রের আশপাশে এক হাজার ৪৫০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে ত্রিমাত্রিক (৩ডি) সিসমিক জরিপ শিগগিরই শুরু হবে বলে আশা করা হচ্ছে।

 

ইকবাল হাসান মাহমুদ আরো জানান, তিতাস, হবিগঞ্জ ও নরসিংদী গ্যাসক্ষেত্র সংলগ্ন এলাকায় ৬৩২ বর্গকিলোমিটার এবং সিলেটের লামিগাঁও, লালাবাজার, গোয়াইনঘাট, কৈলাশটিলা দক্ষিণ ও ফেঞ্চুগঞ্জ পশ্চিম গ্যাসক্ষেত্র সংলগ্ন কাঠামোতে ৮৮২ বর্গকিলোমিটার এলাকায় গ্যাস অনুসন্ধানে আরও থ্রিডি সিসমিক জরিপের পরিকল্পনা নেওয়া হয়েছে।


মন্ত্রী আরও জানান, দেশে বর্তমানে উত্তোলনযোগ্য (রিকভারেবল) সাত দশমিক ৬৩ ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ) প্রাকৃতিক গ্যাসের মজুত রয়েছে। তবে, প্রতিদিন গ্যাস সরবরাহে প্রায় ১ হাজার ১৪৬ মিলিয়ন ঘনফুট ঘাটতি রয়েছে।

 

সরকার ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, আমদানিনির্ভরতা কমানো এবং দেশীয় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বলেও তিনি সংসদকে জানান।

 


সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া