ছবি: সংগৃহিত
এখনো শোকে স্তব্ধ কানাইঘাট! কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশাপাশি সাধারণ মানুষও শোকাহত। কেউ কেউ কিংকর্তব্যবিমুঢ়। তবে নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে কানাইঘাট উপজেলা প্রশাসন। তারা আশ্বাস দিয়েছে, দ্রুত লাশ দেশে ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে আর্থিক সহায়তা ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীও প্রদান করেছে তারা।
সোমবার (২২ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহদী হাসান শাকিলের নির্দেশনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাপস চক্রবর্তী তুষার নিহতদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজ-খবর নেন। এসময় তিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী তুলে দেন এবং শোকাহত স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।
এ সময় তিনি বলেন, আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি হিসেবে আপনাদের পাশে এসেছি। কাতারের মর্মান্তিক এই দুর্ঘটনায় পাঁচ প্রবাসীর মৃত্যুতে শুধু কানাইঘাট নয়, পুরো দেশ শোকাহত। নিহতদের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে গুরুত্বসহকারে উপস্থাপন করেছেন।
তিনি আরও বলেন, এই কঠিন সময়ে উপজেলা প্রশাসন সবসময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকবে এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।
এ সময় উপস্থিত ছিলেন ঝিঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর এবং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উল্লেখ্য, গত রবিবার কাতারের শাহানিয়া এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হন। তাদের মধ্যে পাঁচজনই সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা।
নিহতরা হলেন ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের আমরপুর গ্রামের মৃত আব্দুন নূরের পুত্র জিবাল উদ্দিন, মাঝতালুক গ্রামের সিরাজ উদ্দিনের পুত্র জসিম উদ্দিন, আগতালুক গ্রামের সেলিম আহমদের পুত্র মস্তাক আহমদ, একই গ্রামের মৃত মড়া মিয়ার পুত্র জুবায়ের আহমদ এবং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের নিজ গাছবাড়ী গ্রামের বাহার উদ্দিনের পুত্র কাদের আহমদ।
সিলেটভিউ২৪ডটকম/মাহবুব/ইকে



