ছবি: সিলেট ভিউ।
সিলেটের গোলাপগঞ্জে মাদক বিক্রি করতে বাঁধা দেওয়ায় এক যুবককে ছুরিকাঘাত করে আহত হওয়ার খবর পাওয়া গেছে। এই ঘটনায় পুলিশ ৩ জনকে গ্রেফতার করে। বুধবার (২৪ জুন) রাতে উপজেলার পৌর এলাকার টিকরবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
গ্রেফতারকৃতরা হলেন, টিকরবাড়ী গ্রামের মৃত জমশেদ আলীর ছেলে জামাল আহমদ (৪৫), জামাল আহমদের ছেলে সাব্বির আহমদ (২৫) ও জামাল আহমদের ছেলে সাদিক আহমদ (২২)।
পুলিশ জানায়, বুধবার (২৪ জুন) রাতে মাদক ব্যবসায়ী জামিল আহমদ ও তার সহযোগীরা টিকরবাড়ী গ্রামে এসে মাদক বিক্রি করছিল। এসময় ওই গ্রামের কয়েকজন যুবক মাদক বিক্রি করতে তাদের বাঁধা দেয়। তখন উভয় পক্ষের কথাকাটাকাটির এক পর্যায়ে জাকির আহমদ নামে এক যুবককে মাদক ব্যবসায়ী জামিল আহমদ ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আহতাবস্থায় জাকিরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তখন চিকিৎসকরা থাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় মসজিদের মাইকে মাইকিং করে গোলাপগঞ্জ -ভাদেশ্বর রাস্তা অবরোধ করেন স্থানীয়রা। এসময় জামিল আহমদ ও তার সহযোগী মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেন তারা।
এদিকে এই ঘটনার পর আহত জাকির আহমদের পিতা ৬ জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরও ৮/১০ জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী জামাল ও তার দুই ছেলেসহ ৩জনকে গ্রেফতার করে।
গোলাপগঞ্জ মডেল থানার এসআই রোজেল খান জানান, ‘ঘটনার পর আহত জাকির আহমদের পিতা বাদী হয়ে থানায় (মামলা নং ১৪/২৬) দায়ের করেছেন। এবং আসামীদের ধরতে পুলিশ অভিযান পরিচালনা করছে।’
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) মো. শাহ আলম জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের অভিযানে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।’
সিলেটভিউ২৪ডটকম/ হারিছ/ এহিয়া



