সিলেটের কোম্পানীগঞ্জে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯জুন) কোম্পানীগঞ্জ উপজেলা সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।


সভায় বক্তারা বলেন, গত কয়দিন থেকে বিদ্যুতের লোডশেডিংয়ে নাজেহাল পুরো উপজেলা। ২৪ ঘন্টার মধ্যে বেশিরভাগ সময়ই বিদ্যুৎ থাকে না। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সমালোচনার সৃষ্টি হয়। এসময় সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কোম্পানীগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার আশিকুর রহমান জানান, ২টি গ্রিড বন্ধ থাকায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। যার কারণে ঘনঘন লোডশেডিং হচ্ছে। তিনি আরো বলেন উপজেলার প্রয়োজন সাড়ে ১১ মেগাওয়াট কিন্তু সরবরাহ করা হচ্ছে ৫ থেকে ৬ মেগাওয়াট। ফলে এই সমস্যা দেখা দিয়েছে। যতটুকু বিদ্যুৎ সরবরাহ করা হয় তা উপজেলার সকল এলাকায় সমান ভাবে বন্টন করা হচ্ছে। চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাওয়া গেলে এই সমস্যা সমাধান হয়ে যাবে বলেও জানান তিনি।

এছাড়াও উপজেলার আইনশৃঙ্খলা কমিটির সভায় গ্রাম আদালত কার্যকর করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, মাদক, চোরাচালান বন্ধে বিজিবি ও পুলিশকে আরো কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়। তাছাড়া মহাসড়কের পাশের ড্রেনেজের ব্যবস্থা করার জন্য এলজিইডির সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দেন সভার সভাপতি।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়ার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান, উপজেলা কৃষি অফিসার রাজিবুল হাসান, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম, পল্লী বিদ্যুৎ এর ডিজিএম ইঞ্জিনিয়ার আশিকুল ইসলাম, উত্তর রনিখাই ইউনিয়ন চেয়ারম্যান ফয়জুর রহমান, ইছাকলস ইউনিয়ন চেয়ারম্যান সাজ্জাদুর রহমান সাজু, ইসলামপুর পূর্ব ইউনিয়ন চেয়ারম্যান আলমগীর হোসেন, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি আনোয়ার সুমন, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সমাজসেবা কর্মকর্তা আবু সাইয়েদ, মহিলা বিষয়ক কর্মকর্তা শিবলী আতিকা তিন্নি, মৎস্য কর্মকর্তা আব্দুস শাকুর, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টিটু কুমার দে, আইসিটি কর্মকর্তা নাঈম হাসান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনোজ কান্তি চৌধুরী প্রমুখ।

 

সিলেটভিউ২৪ডটকম/জলিল/এসডি-০৮