চট্টগ্রামের সীতাকুণ্ডে গভীর রাতে ঘরে ঢুকে এক জেলে-বধূকে ধর্ষণের চেষ্টা ও ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে। এ সময় বাধার মুখে ব্যর্থ হয়ে অভিযুক্ত যুবক নগদ টাকা ও মোবাইল ফোন লুটে নেয়।
এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে মো. রবিউল হোসেন নামে এক স্থানীয় যুবককে আসামি করে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করেছেন।
বৃহস্পতিবার (২ জুলাই) গভীর রাতে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের জেলেপাড়ায় এ ঘটনা ঘটে। সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, উপজেলার বাড়বকুণ্ড জেলেপাড়ার বাসিন্দা বিপ্লব দাস গভীর রাতে তার স্ত্রীকে ঘরে রেখে সমুদ্রে মাছ ধরতে যান। ঘরে কেউ না থাকার সুযোগে পাশের গ্রামের বখাটে যুবক রবিউল হোসেন কৌশলে ঘরে প্রবেশ করেন। ওই সময় গৃহবধূ ঘুমন্ত অবস্থায় ছিলেন। এই সুযোগে রবিউল ওই নারীর গোপনে আপত্তিকর ভিডিও ধারণ করেন।
একপর্যায়ে গৃহবধূর ঘুম ভেঙে গেলে রবিউল তার গলায় দেশীয় অস্ত্র ধরে ধর্ষণের চেষ্টা চালান। ওই নারী বাধা দিলে তিনি ব্যর্থ হন। এ সময় রবিউল হুমকি দেন যে, এ ঘটনা পুলিশ বা কাউকে জানালে গোপনে ধারণকৃত ভিডিও টিকটকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে। এরপর তিনি ঘর থেকে একটি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যান।
ভুক্তভোগী ওই নারী বলেন, স্বামী সাগরে মাছ ধরতে যাওয়ায় আমি ঘরে একা ঘুমাচ্ছিলাম। গভীর রাতে রবিউল ঘরে ঢুকে লাইট জ্বালিয়ে গোপনে আমার ভিডিও করে। একপর্যায়ে গলায় ছুরি ধরে শ্লীলতাহানির চেষ্টা করে ও কাপড়ে টান দেয়। আমি বাধা দিলে ভিডিও ফাঁসের হুমকি দিয়ে ঘর থেকে মোবাইল ও ৫ হাজার টাকা নিয়ে চলে যায়।
জেলে বিপ্লব দাস বলেন, সাগর থেকে মাছ ধরে শুক্রবার সকালে বাড়ি ফিরে স্ত্রীর কাছে বিস্তারিত শুনি। রবিউল নিশ্চিত ছিল যে আমি ঘরে নেই, এই সুযোগেই সে আমার স্ত্রীকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালান। এর আগেও তার বিরুদ্ধে এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। আমি এই ঘটনার বিচার চাই।
সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলমগীর বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, অভিযুক্ত যুবক চুরি করতে গিয়ে ওই নারীকে ঘরে একা পেয়ে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা করেছে। ঘর থেকে কিছু টাকা ও মোবাইল ফোন চুরি করে নেওয়ারও অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্ত রবিউল হোসেনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক




