সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার চিকনাগুলে বালুবোঝাই ট্রাক ও যাত্রীবাহী একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সোমবার (৬ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের ঘাটেরচটি এলাকায় এই ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জৈন্তাপুরগামী লেগুনা (নিবন্ধন নম্বর: সিলেট-ছ ১১-১১১৩) এবং সিলেটগামী বালুবোঝাই ট্রাক (নিবন্ধন নম্বর: সিলেট-ড ১১-১৪৭০) সরাসরি মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের তীব্রতায় দুটি যানবাহনই দুমড়ে-মুচড়ে যায়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশের একটি গাছের সঙ্গে আটকে যায়।
ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন। তারা ট্রাক ও লেগুনার চালক এবং লেগুনায় থাকা এক শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
এ বিষয়ে তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্ত্তী বলেন, আমরা খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
সিলেটভিউ২৪ডটকম/জাহিদ/এসডি-০৫




