২৫০ শয্যা বিশিষ্ট হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (৬ জুলাই) দুপুরে হাসপাতালের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।


সভায় সভাপতিত্ব করেন জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ।

 

সভায় হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন, আধুনিকায়ন এবং সার্বিক ব্যবস্থাপনা আরও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় হুইপ জি কে গউছ বলেন- হবিগঞ্জ জেলা সদর হাসপাতালকে সাধারণ মানুষের আস্থার প্রতীক হিসেবে গড়ে তুলতে হবে। রোগীরা যেন হয়রানি ছাড়া দ্রুত ও মানসম্মত চিকিৎসাসেবা পান, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। হাসপাতালের উন্নয়নে যা যা প্রয়োজন, তা বাস্তবায়নে আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করব।
 

সভায় হাসপাতালকে দালালমুক্ত রাখা, পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং হাসপাতাল চত্বরে মাদকসেবীদের উৎপাত বন্ধে পুলিশ প্রশাসনের সহযোগিতা জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া রোগীদের সেবার মান উন্নয়নে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান এমপি জি কে গউছ।

আদালত ও থানা থেকে মেডিকেল সার্টিফিকেট (এমসি) সংক্রান্ত যেসব পত্র হাসপাতালের কাছে আসে, সেগুলো এক মাসের মধ্যে নিষ্পত্তি করে প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়। এক্ষেত্রে কাউকে হাসপাতালে যোগাযোগ করতে হবে না।


ডাক্তার ও নার্স সংকটের বিষয়টি দ্রুত সমাধানের লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলে আশ্বস্ত করেন হুইপ জি কে গউছ। একই সঙ্গে হাসপাতালের জন্য সিটি স্ক্যান মেশিনসহ প্রয়োজনীয় আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি বরাদ্দের বিষয়েও স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানান তিনি।
 

হাসপাতলের তত্ত্বাবধায়ক ও কমিটির সদস্য সচিব ডা. আমিনুল হক সরকারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ, হবিগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ জাবেদ জিল­ুল বারী, সিভিল সার্জন ডা: রত্নদীপ বিশ্বাস, পুলিশ সুপার তারেক মাহমুদ, কমিটির সদস্য ডাঃ সৈয়দ মুজিবুর রহমান পলাশ, গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, সাংবাদিক আশরাফুল ইসলাম কহিনুর, আরএমও ডা: ফাইকা রহমান প্রমুখ।

 


সিলেটভিউ২৪ডটকম/জাকির/এসডি-০৯