ছবি: ফাইল ছবি।

সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মো. শফিকুল ইসলাম খানকে ক্লোজড করা হয়েছে। একই আদেশে তাকে সিলেটে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। 

 


বৃহস্পতিবার (৯ জুলাই) সিলেটের পুলিশ সুপার ড. চৌ. মো. যাবের সাদেক স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

 

নির্ভরযোগ্য সূত্র জানায়, সম্প্রতি কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় বালু ও পাথর সিন্ডিকেটের কাছ থেকে পুলিশের চাঁদা আদায়ের অভিযোগে কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই কোম্পানীগঞ্জ থানার ওসি মো. শফিকুল ইসলাম খানের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল উঠে। তবে; গুঞ্জন রয়েছে, বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতেই তাকে ক্লোজড করা হয়েছে।

 

এদিকে ক্লোজড হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট) মো. সম্রাট তালুকদার। তিনি সিলেটভিউকে বলেন, ‘পুলিশের নিয়মিত বদলির অংশ হিসেবে কোম্পানীগঞ্জ থানার ওসি মো. শফিকুল ইসলাম খানকে ক্লোজড করা হয়েছে।’

 

তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন, ‘কোনো কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে তদন্ত করা হয়। পরবর্তীতে তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।’

 

এর আগে, ২৫ ফেব্রুয়ারি সিলেট জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুরস্কৃত হয়েছেন কোম্পানীগঞ্জ থানার ওসি মো. শফিকুল ইসলাম খান। তিনি সকল ক্যাটাগরীতে শ্রেষ্ঠত্ব অর্জনের মাধ্যমে এই পুরষ্কারের জন্য মনোনীত হন।

 

 


সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া/ ১৫