ছবি: সংগৃহিত

গত দু’দিন ধরে সিলেটে চলছে ভারী বর্ষণ। শুধু সিলেট অঞ্চলই নয়, উজানে ভারতের মেঘালয় আসামেও ভারী বর্ষণ চলছে বলে সে দেশের গণমাধ্যমে সংবাদ বের হচ্ছে। আর এর প্রভাবে বাড়তে শুরু করেছে সিলেটের নদ-নদীগুলোর পানি। প্রধান দুই নদী সুরমা ও কুশিয়ারা এখনো কোনো পয়েন্টে বিপৎসীমা না ছাড়ালেও বলতে গেলে এখন ছুঁইছুঁই।

 


বৃহস্পতিবার (৯ জুলাই) সিলেট পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্যগুলো ঘাঁটাঘটি করে এমন চিত্রই ফুটে উঠেছে।

 

কানাইঘাট পয়েন্টে সুরমার বিপৎসীমা ১২ দশমিক ৭৫ মিটার। বৃহস্পতিবার সকাল ৬টায় এ পয়েন্টে সুরমার পানি ছিল ১১ দশমিক ৮০ মিটার উচ্চতাায়। সন্ধ্যা ৬টায় পানি বেড়ে পৌঁছেছে ১২ দশমিক ৪৯ মিটার উচ্চতায়। বিপৎসীমা থেকে মাত্র দশমিক ২৬ মিটার নিচ দিয়ে প্রবাহিত হওয়া সুরমাকে নিয়ে এখন রীতিমতো আতঙ্কিত কানাইঘাটবাসী।

 

সিলেট পয়েন্টে সুরমার বিপৎসীমা ১০ দশমিক ৮০ মিটার। বৃহস্পতিবার সকাল ৬টায় এ পয়েন্ট দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল ৯ দশমিক ৭ মিটার উচ্চতায়। আর সন্ধ্যা ৬টায় এ পয়েন্টে সুরমা প্রবাহিত হচ্ছিল  ৯ দশমিক ৫৯ মিটার উচ্চতায়। যেভাবে পানি বাড়ছে, এতে আগামী ২৪ ঘন্টার মধ্যে তা বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে  মনে করছেন অভিজ্ঞরা।

 

আমলশীদ পয়েন্টে কুশিয়ারার বিপৎসীমা ১৫ দমমিক ৪০ মিটার। বৃহস্পতিবার সকাল ৬টায় এ পয়েন্টে পানি প্রবাহিত হচ্ছিল বিপৎসীমার ১৩ দমমিক ৪৬ মিটার উচ্চতায়। আর সন্ধ্যা ৬টায় পানির উচ্চতা দাঁড়ায় ১৪ দশমিক ৩০ মিটার। এ পয়েন্টে কুশিয়ারা প্রবাহিত হচ্ছে, বিপৎসীমার মাত্র ১ দশমিক ১০ মিটার নিচ দিয়ে।

 

শেওলা পয়েন্টে কুশিয়ারার বিপৎসীমা ১৩ দশমিক ০৫ মিটার। বৃহস্পতিবার সকাল ৬টায় এ পয়েন্টে সুরমা প্রবাহিত হচ্ছিল ১১ দশমিক ৯ মিটার উচ্চতায়। আর সন্ধ্যা ৬টায় প্রবাহিত হচ্ছিল ১১ দশমিক ৭৮ মিটার উচ্চতায়।

 

ফেঞ্চুগঞ্জ পয়েন্টে কুশিয়ারার বিপৎসীমা ১০ দশমিক ৪৫ মিটার। বৃহস্পতিবার সকাল ৬টায় এ পয়েন্টে সুরমা প্রবাহিত হচ্ছিল ৯ দশমিক ৩১ মিটার উপর উচ্চতায়। সন্ধ্যা ৬টায় তা বেড়ে পৌঁছে ৯ দশমিক ৩৯ মিটার উচ্চতায়।

 

শেরপুর পয়েন্টে কুশিয়ারার বিপৎসীমা ৮ দশমিক ৫৫ মিটার। বৃহস্পতিবার সকাল ৬টায় এ পয়েন্টে পানি প্রবাহিত হচ্ছিল ৮ দশমি ২০ মিটার উচ্চতায়। সন্ধ্যা ৬টায় তা বেড়ে পৌঁছায় ৮ দশমিক ৩৩ মিটার উচ্চতায়।

 

এছাড়াও সারিগোয়াইন, লোভাছড়া, ধলাইসহ সিলেটের অন্যান্য পাহাড়ী নদীগুলোর পানি হ্রাস-বৃদ্ধির মধ্যেই আছে।

 

সিলেটভিউ২৪ডটকম/ইকে