ছবি: সংগৃহিত

অবশেষে সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে গণধর্ষণ মামলায় খালাসপ্রাপ্তদের কাগারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।

 


মঙ্গলবার (১৪ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে কারাগারে আদালতের নির্দেশনা পৌঁছার পর প্রয়োজনীয় আইনী প্রক্রিয়া শেষে সিলেট কেন্দ্রীয় কারাগার-২ (পুরাতন কারাগার) থেকে তাদের মুক্তি দেওয়া হয়।

 

কারামুক্তরা হলেন, আইনুদ্দিন ওরফে আইনুল, মিসবাউল ইসলাম ওরফে রাজন, রবিউল ও মাহফুজুর রহমান। তারা সবাই ছাত্রলীগের টিলাগড়কেন্দ্রিক রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তাদের কারামুক্তির বিষয়টি নিশ্চিত করেছে কারা সূত্র।

 

এসময় স্বজন ও বন্ধু-বান্ধবরা তাদের বরণ করেন।

 

এর আগে সারাদেশে তোলপাড় সৃষ্টি করা এই মামলার রায় প্রদান করা হয় দুপুরের দিকে। সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যদিয়ে আসামিদের উপস্থিতি রায় ঘোষণা করেন। রায়ে সাইফুর রহমানকে মৃত্যুদণ্ড, মাহবুবুর রহমান রনি, তারেকুল ইসলাম ও অর্জুন লস্করকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

 

জানা যায়, ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে নববিবাহিত তরুণীকে (২০) গণধর্ষণ করা হয়। ঘটনার রাতেই নির্যাতনের শিকার তরুণীর স্বামী বাদী হয়ে শাহপরান থানায় এমসি কলেজ ছাত্রলীগের ৬ নেতাকর্মীর নাম উল্লেখ ও দুজনকে অজ্ঞাত আসামি করা হয়।


ঘটনার পর আসামিরা পালিয়ে গেলেও তিন দিনের মধ্যে পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে সন্দেহভাজন দুজন ও এজাহারনামীয় ছয়জনসহ আটজনকে গ্রেফতার করা হয়।  ২০২১ সালের ৩ ডিসেম্বর আদালতে মামলার চার্জশিট দাখিল করা হয়। এরপর দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে মামলার এ রায় ঘোষণা করা হয়।

 

সিলেটভিউ২৪ডটকম/ইকে