ছবি: সংগৃহিত

সুনামগঞ্জের শাল্লায় মাদকদ্রব্য ব্যবসা ও সেবনের অভিযোগে এক ইউপি সদস্য ও তার সহযোগীকে পুলিশ আটক করেছে।

 


সম্প্রতি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাল্লা থানা পুলিশ তাদের আটক করে।

 

আটককৃতরা হলেন, ৩নং বাহাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য দেবব্রত তালুকদার (৩৪) শিবপুর গ্রামের ব্রজেন্দ্র তালুকদারের ছেলে এবং তার সহযোগী জিবেশ দাশ (২৪) বাহাড়া (উত্তর) গ্রামের ব্রজেন্দ্র দাশের ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত দেবব্রত ও জিবেশ তারা একটা সিন্ডিকেট করে মাদকদ্রব্য ব্যবসা ও সেবন করে আসছে। গত সোমবার মধ্যরাতে গোপন তথ্যের ভিত্তিতে শাল্লা থানা পুলিশের একটি চৌকস টিম অভিযান চালিয়ে মাদক সেবন করা অবস্থায় দেশীয় চোলাই মদসহ এই দুজনকে হাতেনাতে আটক করেন। পরে জীবেশ দাশের বাড়িতে ৩টি সাদা প্লাস্টিকের কন্টেনারের ভিতর ৩০ লিটার দেশীয় চোলাই মদ পাওয়া যায়। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ডোপ টেস্টে তাদের মাদক সেবনের বিষয়টি প্রমাণিত হয়। এরই প্রেক্ষিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন শাল্লা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৪(খ) ধারায় মামলা দায়ের করা হয়।

 

স্থানীয়রা আরো জানান, জীবেশ দাশ দীর্ঘদিন যাবত শুধু মাদক ব্যবসা নয়, চুরি করা সহ অসামাজিক ও অনৈতিক কাজের সাথেও লিপ্ত। জীবেশ এই সামান্য বয়সে তিনটি বিয়ে করেছে। প্রথম দুই বিয়ের স্ত্রীর সাথে বিচ্ছেদ করে বর্তমানে তৃতীয় স্ত্রী নিয়ে সংসার করছে। তার নামে বিভিন্ন বিষয়ে আরো মামলা রয়েছে। অন্যদিকে, ইউপি সদস্য দেবব্রত তালুকদার নির্বাচিত হওয়ার পরপরই নারী নির্যাতন মামলার আসামী হয়েছিল।

 

এই বিষয়ে মামলার বাদী এবং শাল্লা থানার উপ-পরিদর্শক (এসআই) ইমাম আরেফিন জানান, আসামিরা দীর্ঘ দিন ধরে এলাকায় মাদক সেবন সহ ব্যবসা করে আসছে। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাদের ধরা হয় এবং উপজেলা হসপিটালে চিকিৎসকের টেস্টের মাধ্যমে মাদক সেবনের বিষয়টি প্রমাণিত হয়। এরই প্রেক্ষিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রোকিবুজ্জামান বলেন, আমাদের কাছে তথ্য আসা মাত্রই থানার ফোর্স ঘটনাস্থলে গিয়ে আসামিদের হাতেনাতে আটক করে। সাব ইন্সপেক্টর ইমাম আরেফিন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মামলায় গ্রেফতারকৃত আসামিদের আজ সুনামগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।

 

সিলেটভিউ২৪ডটকম/সন্দীপন/ইকে