সিলেটে বিদ্যুতের ঘনঘন লোডশেডিং বন্ধ করে অবিলম্বে স্বাভাবিক ও ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টির আহ্বান জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও সিলেট জেলার মহাসচিব আব্দুর রহমান রিপন। একই সাথে প্রিপেইড মিটারের অতিরিক্ত চার্জ ও ভৌতিক টাকা কেটে নেওয়ার প্রতিবাদ জানিয়ে দ্রুত প্রতিকার দাবি করেছেন তিনি।
এক বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে আব্দুর রহমান রিপন বলেন, "প্রচণ্ড গরমে একদিকে জনজীবন অতিষ্ঠ, অন্যদিকে অনবরত লোডশেডিংয়ে ব্যবসায়ীরা দিশেহারা। সারাদিনের বেশিরভাগ সময় বিদ্যুৎ থাকে না, 'আসে আর যায়' অবস্থা। বিদ্যুৎ না থাকলে ব্যবসায়ীরা কীভাবে ব্যবসা পরিচালনা করবেন এবং ব্যাংক ঋণের কিস্তি পরিশোধ করবেন?"
বিবৃতিতে তিনি অভিযোগ করে বলেন, বর্তমান সরকারকে বেকায়দায় ফেলতেই সিলেটের বিদ্যুৎ বিভাগের একশ্রেণীর কর্মকর্তা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমন চরম লোডশেডিং সৃষ্টি করছেন, যা অত্যন্ত দুঃখজনক ও মেনে নেওয়ার মতো নয়।
এদিকে বিদ্যুৎ বিভ্রাটের পাশাপাশি প্রিপেইড মিটারের অতিরিক্ত চার্জ ও ‘ভৌতিক’ টাকা কেটে নেওয়া নিয়ে চরম ক্ষোভ ও ধোঁয়াশা তৈরি হয়েছে সিলেটের সাধারণ গ্রাহক ও ব্যবসায়ী মহলে। নীতিনির্ধারণী পর্যায়ের বক্তব্য এবং বাস্তব চিত্রের মধ্যে চরম গরমিল থাকায় মারাত্মক বিভ্রান্তি ও আর্থিক লোকসানে পড়ছেন তারা।
অনতিবিলম্বে নগরীতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং প্রিপেইড মিটারের অতিরিক্ত চার্জ প্রত্যাহার করার জন্য বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান ব্যবসায়ী নেতা আব্দুর রহমান রিপন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৫




