বড়াইগ্রামে এসএসসি পরীক্ষার ফল ঘোষণার মাত্র এক ঘণ্টা আগে না ফেরার দেশে চলে গেলেন বড়াইগ্রাম কারিগরি অ্যান্ড বিএম কলেজের ছাত্র মারুফ আহমেদ (১৬)।
সোমবার (১০ আগস্ট) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মারুফ নাটোরের বড়াইগ্রাম উপজেলার বড়াইগ্রাম সদর ইউনিয়নের তারানগর গ্রামের মিলন হোসেনের ছেলে। তিনি কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার মারুফ হঠাৎ করেই আন্ত্রিক রোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সোমবার সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।
এদিকে একই দিনে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়। যদিও পরীক্ষার ফলাফলে দেখা যায়, যে তিনি গণিত বিষয়ে অকৃতকার্য হয়েছেন। কিন্তু ফলাফল ঘোষণার দিনেই তার এমন আকস্মিক মৃত্যুতে পরিবারসহ সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মারুফের বাবা মিলন হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ছেলেটা যে রেজাল্টই করুক, তাতেই আমি খুশি। বেঁচে থাকলে আগামীতে এই বিষয়ের পরীক্ষা দিয়ে পাশ করতে পারত, কিন্তু আল্লাহ তাকে নিয়ে গেল।
বড়াইগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমিন আলী জানান, বিষয়টি খুবই দুঃখজনক। জীবনের প্রথম বোর্ড পরীক্ষার ফলাফল জানার আগমূহুর্তে এ রকম একটি সংবাদ বড়ই বেদনাদায়ক।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১৮




