ছবি: সংগৃহিত
চট্টগ্রামের আনোয়ারায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল করার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে পুলিশ।
মামলায় সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পিএস রিদুয়ানুল করিম চৌধুরী সায়েম, এপিএস অ্যাডভোকেট ইমরান হোসেন বাবু এবং দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহেরসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৪৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৪৫ জনকে আসামি করা হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) দুপুরে আনোয়ারা থানার উপ-পরিদর্শক (এসআই) ইমাম হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এ ঘটনায় মিছিলের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে আতাউল আমিন (১৬) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আতাউল আনোয়ারা সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র এবং আনোয়ারা সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জয়কালী বাজার এলাকার নুরুল আলমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে গত শনিবার (১৫ আগস্ট) সকালে আনোয়ারা সদর ইউনিয়নের কলেজ রোড এলাকায় ১০-১৫ জনের একদল তরুণ ঝটিকা মিছিল বের করে।
মিছিলকারীদের হাতে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ছবি সংবলিত ব্যানার ছিল। মিছিলটি সংক্ষিপ্ত আকারে কলেজ রোড প্রদক্ষিণ করে দ্রুত শেষ হয়। পরবর্তীতে ১ মিনিট ৪ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে শনিবার রাতে জয়কালী বাজার এলাকা থেকে আতাউল আমিনকে গ্রেপ্তার করে। মামলায় অন্যান্য উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন বারশত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ, যুবলীগ নেতা রেজাউল করিম আনিস, ইমরান হোসেন, সিহাব উদ্দিন, আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম, আনোয়ারা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এম নজরুল ইসলাম ও রবিউল হায়দার।
মামলার এজাহারের বিষয়ে যোগাযোগ করা হলে বাদী এসআই ইমাম হোসেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে ঝটিকা মিছিল করার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। এ ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।’
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইকে




