বগুড়ায় মেয়াদোত্তীর্ণ হওয়ায় জেলা ছাত্রদলের সাতটি এবং জেলা যুবদলের তিনটিসহ মোট ১০টি উপজেলা ও পৌর কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এসব এলাকায় অতি শিগগিরই ইউনিটগুলোয় নতুন নেতৃত্ব গঠনের কার্যক্রম শুরু করা হবে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 



জানা গেছে, বুধবার (১৯ আগস্ট) রাতে বগুড়া জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে জেলার সারিয়াকান্দি উপজেলা এবং পৌর শাখা ছাত্রদল, সোনাতলা উপজেলা ও পৌর শাখা ছাত্রদল, তালোড়া পৌর শাখা ছাত্রদল, আদমদিঘী উপজেলা শাখা ছাত্রদল এবং সান্তাহার পৌর শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে।

 


বগুড়া জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক ফারহান সাদিক বিষয়টি নিশ্চিত করে বলেন, শিগগিরই ওই সাত ইউনিটগুলোয় নতুন নেতৃত্ব গঠনের কার্যক্রম শুরু করা হবে।

 


এদিকে মঙ্গলবার রাতে বগুড়া জেলা জাতীয়তাবাদী যুবদলের গাবতলী উপজেলা ও পৌর এবং তালোড়া পৌর যুবদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে।

 


বগুড়া জেলা যুবদলের দপ্তর সম্পাদক সাজু আহম্মেদ রবি জানান, যুবদলকে সাংগঠনিকভাবে গতিশীল করার লক্ষ্যে এই তিনটি ইউনিটের কমিটি বিলুপ্ত করা হয়েছে।

 


বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

 


জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান বলেন, শিগগিরই এই ইউনিটগুলোর কমিটি নতুন করে গঠন করা হবে।

 

(সিলেটভিউ২৪ডটকম/ ডেস্ক