জার্মান কোচ হ্যান্সি ফ্লিকের হাত ধরে টানা দুই মৌসুম লা লিগা জিতেছে বার্সেলোনা। এবার এই স্প্যানিশ জায়ান্টের লক্ষ্য হ্যাটট্রিক লা লিগা শিরোপা। সে লক্ষ্যে কাতালানরা বিশ্বসেরা মিডফিল্ডার রদ্রিসহ বেশ কিছু খেলোয়াড়কে দলে ভিড়েয়েছে।
 

ক্লাবের ভেতরের এই বড় পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে ফ্লিককে। লা লিগার পাশাপাশি অপেক্ষা চ্যাম্পিয়ন্স লিগের দীর্ঘ ব্যর্থতা দূর করার।
 


আগামী রোববার (২৩ আগস্ট) এলচের বিপক্ষে লা লিগা মৌসুম শুরু করতে যাচ্ছে বার্সেলোনা। এর ঠিক একদিন আগে হোসে মরিনহোর রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে এস্পানিওলের। প্রাক-মৌসুমের শেষ প্রীতি ম্যাচের কোচ ফ্লিক আত্মবিশ্বাসের সঙ্গে সব শিরোপা জেতার জন্য প্রস্তুত বলে জানান।

এবারের দলবদলে লেভানডভস্কি ও ফেরান তোরেস দল ছাড়লেও ম্যানসিটি থেকে রদ্রিকে ভিড়িয়ে মধ্যমাঠ নতুন করে সাজিয়েছে বার্সা। বিশ্বকাপজয়ী ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রির অন্তর্ভুক্তি সেই দুর্বলতা কাটিয়ে উঠতে বড় ভূমিকা রাখবে।
 

এদিকে, চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদও বার্সার আধিপত্য ঠেকাতে আঁটঘাট বেঁধেই নেমেছে এবার। ‘স্পেশাল ওয়ান’ খ্যাত পর্তুগিজ কোচ হোসে মরিনহোকে ফিরিয়ে এনে শক্তি বাড়িয়েছে। একই সঙ্গে বেশ কিছু দামি সাইনিং করে শক্তি বাড়িয়েছে। ২০১০ থেকে ২০১৩ সালের মতো এবারও ক্লাব দুটির চিরাচরিত লড়াই জমে উঠবে বলে ধারণা করা হচ্ছে।

দলবদল শেষ হওয়ার আগেই বার্সেলোনা তুখোড় সেন্টার ফরোয়ার্ড দলে টানতে চাইছে। অ্যাতলেতিকো মাদ্রিদের আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজকে দলভুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
 

নতুন আসা অ্যান্থনি গর্ডন ও করিম আদেইয়েমি ফ্লিকের হাই-প্রেসিং খেলার স্টাইলের সঙ্গে বেশ মানানসই। তবে বড় কোনো স্ট্রাইকার না পেলে বার্সেলোনা তুলনামূলক কম দামে কাউকে সই করিয়ে বাকি অর্থ আগামী মৌসুমের জন্য জমিয়ে রাখতে পারে। দানি ওলমো, রাফিনহা, গর্ডন কিংবা আদেইয়েমির যে কাউকে ফলস নাইন হিসেবে খেলিয়ে স্ট্রাইকারের অনুপস্থিতি পূরণ করার পরিকল্পনা সাজিয়ে রেখেছেন জার্মান মাস্টারমাইন্ড।
 

উঠতি তারকা লামিনে ইয়ামালের ওপর বার্সেলোনার সাফল্য অনেকটাই নির্ভর করছে। গত মৌসুমে চোটের কারণে তিনি নিয়মিত খেলতে না পারলেও, এবার পূর্ণ মেয়াদে নিজের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে আছেন। আক্রমণভাগের মূল চাবিকাঠি এখন এই তরুণের হাতেই। মাঝমাঠে রদ্রির ধারাবাহিকতা এবং আক্রমণভাগের কার্যকারিতা বজায় থাকলে, মরিনহোর রিয়ালকে হারিয়ে হ্যাটট্রিক লা লিগার জেতা বার্সার জন্য অসম্ভব হবে না।

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৪