ছবি: সংগৃহিত

তিনি আগে ছিলেন প্রতিমন্ত্রী পদমর্যাদায় সরকারের উপদেষ্টা। এবার সরাসরি প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের হরিশপুর গ্রামের সন্তান হুমায়ুন কবির।

 


শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় গণভবনে তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রি হিসাবে মহামান্য রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করেন।

 

এর আগে গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর হুমায়ুন কবির বর্তমান বিএনপি সরকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্ঠা হিসাবে কাজ শুরু করেন।

 

হুমায়ুন কবিরের জন্ম সিলেটের ওসমানীনগর থানার উমরপুর ইউনিয়নের হরিশপুর গ্রামে  হলেও শৈশবে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে যুক্তরাজ্যে পাড়ি জমান। সেখানে তার শিক্ষাজীবন শেষে বিভিন্ন সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

 

তিনি লন্ডনের মেয়রের দপ্তরে কৌশল সহকারী হিসাবে কাজ করেন। তিনি লিউইশাম এক্সিকিউটিভ মেয়রের কার্যালয়ে ক্যাবিনেট উপদেষ্টা ছিলেন। তিনি সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের মন্ত্রি  পরিষদ বিভাগের একটি বিশেষ টিমে  কাজ করেন।

 

পরে আরেক সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাকের অধিনে যুক্তরাজ্যের ন্যায় মন্ত্রণালয়ে একাধিক ক্যাবিনেট মন্ত্রী ও বিশেষ উপদেষ্টার প্রাইভেট সেক্রেটারি হিসাবেও কাজ করার অভিজ্ঞতা আছে তার।

 

দীর্ঘদিন লন্ডনে অবস্থানকালে তিনি বিএনপির আন্তর্জাতিক কর্মকৌশল নির্ধারণ এবং বিশ্বের বিভিন্ন দেশের সাথে কূটনৈতিক যোগাযোগের প্রধান সমন্বয়কারী হিসেবে কাজ করেন। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অন্যতম ঘনিষ্ঠ ও বিশ্বস্ত সহচর হিসেবে পরিচিত।

 

হুমায়ুন কবির ২০২৫ সালের ২২ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। তিনি গত সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

 

তিনি লন্ডন স্কুল অব ইকোনোমিক্স, কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ও লিডস ল’ স্কুল থেকে তিনটি বিষয়ে পৃথক স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

 

এছাড়াও হুমায়ুন আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকেও জেনারেল ম্যানেজমেন্ট প্রোগ্রাম সম্পন্ন করেছেন।

 

সিলেটভিউ২৪ডটকম/ইকে-০৪