ছবি: ফাইল ছবি।

সুনামগঞ্জের তাহিরপুরে পর্যটকবাহী হাউজবোট থেকে বৌলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়া শিশু রুকাইয়া নুরের (১০) লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের দুই দিন পর রবিবার (২৩ আগস্ট) সকালে উপজেলার বালিজুরী ইউনিয়নের পিরোজপুর গ্রামের কাছে নদীতে ভাসমান অবস্থায় তার লাশ পাওয়া যায়।

 


রুকাইয়া নুর ফরিদপুরের কোতোয়ালি থানার গলচামোট ২ নম্বর সড়ক এলাকার ডা. শাহনুর রহমানের মেয়ে।

 

জানা যায়, গত শুক্রবার (২১ আগস্ট) ২০ জন পর্যটক সাফিনা এ লাক্সারী ওয়াটার ভিলা নামের একটি হাউজবোটে করে মধ্যনগর থেকে তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর উদ্দেশে রওনা দেন। পথে তাহিরপুরের দক্ষিণকুল খেয়াঘাট এলাকায় বৌলাই নদীর ওপর দিয়ে চলার সময় হঠাৎ হাউজবোট থেকে পড়ে যায় শিশু রুকাইয়া নুর। এরপর থেকেই সে নিখোঁজ ছিল।

 

হাউজবোটে থাকা পর্যটক সাজ্জাদ হোসেন সিয়াম জানান, মধ্যনগর থেকে হাউজবোটটি যাদুকাটা নদীর উদ্দেশে যাচ্ছিল। দুপুর আনুমানিক আড়াইটার দিকে পরিবারের লোকজনের অগোচরে হঠাৎ করে রুকাইয়া নদীতে পড়ে যায়। শিশুটি নিখোঁজ হওয়ার খবর পেয়ে সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ও স্থানীয় লোকজন নদীতে উদ্ধার অভিযান শুরু করেন। নদীতে জাল ফেলেও বেশ কয়েক দফা চেষ্টা চালানো হয়। তবে সেদিন তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

 

রবিবার (২৩ আগস্ট) সকালে বালিজুরী ইউনিয়নের পিরোজপুর গ্রামের কাছে বৌলাই নদীতে রুকাইয়ার লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারের ব্যবস্থা করে।

 

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, ‘পর্যটকবাহী হাউজবোট থেকে বৌলাই নদীতে পড়ে নিখোঁজ থাকা শিশুর লাশ নদীতে ভেসে উঠেছে বলে খবর পাওয়া গেছে। লাশ উদ্ধার করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

 

 


সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-১০