ছবি: ডা. মো. মিজানুর রহমান ফাইল ছবি।

ব্রাহ্মণবাড়িয়ার নতুন সিভিল সার্জন হিসেবে পদায়ন পেয়েছেন সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. মিজানুর রহমান। একই সঙ্গে জেলার বর্তমান সিভিল সার্জন (চলতি দায়িত্ব) ডা. মো. নোমান মিয়াকে স্বাস্থ্য অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

 


রবিবার (২৩ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পার-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্মসচিব সাইফুল ইসলাম।

 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের দুই কর্মকর্তাকে তাঁদের নামের পাশে উল্লেখ করা পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হয়েছে।

 

এর মধ্যে ডা. মো. মিজানুর রহমানকে সিলেট শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারের পদ থেকে বদলি করে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন (চলতি দায়িত্ব) হিসেবে পদায়ন করা হয়েছে।

 

অন্যদিকে, ব্রাহ্মণবাড়িয়ার বর্তমান সিভিল সার্জন (চলতি দায়িত্ব) ডা. মো. নোমান মিয়াকে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে পদায়ন করা হয়েছে।

 

প্রজ্ঞাপনে বদলি ও পদায়ন করা কর্মকর্তাদের আগামী ২৫ আগস্টের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ২৭ আগস্ট তাঁরা বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হয়েছেন বলে গণ্য হবেন।

 

 


সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০৪