নাগরপুরে শামীম (২৩) নামে এক কলেজছাত্রকে অপহরণের পর মুক্তিপণ না পেয়ে হত্যার অভিযোগ উঠেছে। ওই শিক্ষার্থীকে হত্যার পর মরদেহ বস্তাবন্দি করে মাটিচাপা দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।
 

এ ঘটনায় মূলহোতা অনিক (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।


মঙ্গলববার (২৫ আগস্ট) গ্রেপ্তারের বিষয়টি টাঙ্গাইলের নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শামীমের মরদেহ উদ্ধার করা হয়।
 

নিহত শামীম নাগরপুর উপজেলার ভাদ্রা ইউনিয়নের পং ভাদ্রা গ্রামের বিল্লাল মল্লিকের ছেলে। তিনি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজির শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

নিহতের পরিবারের বরাতে পুলিশ জানিয়েছে, গত শুক্রবার বিকেল ৪টার দিকে ভিকন ভাদ্রা গ্রামের আব্দুল জব্বারের ছেলে অনিক মোবাইল ফোনে শামীমকে ডেকে নিয়ে যান। এরপর থেকেই তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। নিখোঁজের দুই দিন পর শামীমের বাবা বিল্লাল মল্লিক ছেলের সন্ধান চেয়ে নাগরপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
 

পুলিশ জানায়, শামীমের মোবাইল ফোনের কললিস্টের সূত্র ধরে সোমবার রাতে অনিককে নিজ বাড়ি থেকে আটক করে। জিজ্ঞাসাবাদে অনিক শামীমকে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার পর মরদেহ মাটিচাপা দেওয়ার কথা স্বীকার করে।

অনিকের কাছ থেকে শামীমের মোবাইল ফোন উদ্ধার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মাটি খুঁড়ে বস্তাবন্দি ও অর্ধগলিত অবস্থায় শামীমের মরদেহ উদ্ধার করে পুলিশ।
 

নিহতের বাবা বিল্লাল মল্লিক অভিযোগ করে বলেন, শামীমের মোবাইল ফোন ব্যবহার করে তার কাছে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল। ৩০ মিনিটের মধ্যে টাকা পাঠাতে বলা হয়। এরপর ফোনটি বন্ধ করে দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে অনিককে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখতে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।
 

তিনি আরও বলেন, গ্রেপ্তার অনিক মাদকাসক্ত ও মাদক কারবারের সঙ্গে জড়িত। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১০