মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় ৩ মোটরসাইকেলসহ তিনজনকে আটক করে পুলিশ।
 

সোমবার (২৪ আগস্ট) শরীয়তপুরে মহাসড়ক অবরোধ করে এ-সংক্রান্ত ১ মিনিট ২৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়।


ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ‘১৫ আগস্ট উপলক্ষে শোক র‌্যালি’ লেখা একটি ব্যানার নিয়ে শতাধিক নেতাকর্মী ঢাকা-শরীয়তপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করছেন। ভিডিওতে অংশগ্রহণকারীদের ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এবং ‘আজকের এই দিনে, মুজিব তোমায় মনে পড়ে’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।
 

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে নড়িয়া উপজেলার ঢাকা-শরীয়তপুর মহাসড়কে যুবলীগের নেতাকর্মীরা অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে মিছিলে অংশ নেওয়া কয়েকজন সরে যান। এ সময় তিনটি মোটরসাইকেলসহ তিনজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, শরীয়তপুর সদর উপজেলার তুষার আহমেদ রাতুল (২৩), আল আমিন সরদার (২৬) ও রিয়াদ মুন্সি (৪৯)।
 

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, ঘটনাস্থল থেকে তিনজনকে তিনটি মোটরসাইকেলসহ আটক করা হয়েছে। ঘটনাস্থল নড়িয়া থানার আওতাধীন হওয়ায় আটক ব্যক্তিদের মোটরসাইকেলসহ ওই থানার হেফাজতে পাঠানো হয়েছে। নড়িয়া থানা পুলিশ তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।


 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১৬