টাঙ্গাইলের সখীপুর আবাসিক মহিলা কলেজের সহকারী অধ্যাপক ও ইংরেজি বিভাগের প্রধান ছিলেন এ কে ফজলুল হক মিয়া। এই কলেজে টানা ৩০ বছর শিক্ষকতা শেষে সোমবার (২৪ আগস্ট) ছিল তাঁর শেষ কর্মদিবস। বেলা ১১টায় কলেজে অবসরজনিত বিদায় সংবর্ধনা শুরু হয়।
অবসরে যাওয়ার দিনে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষক ফজলুল মিয়াকে বিদায় জানানো হয়। সাজানো প্রাইভেট কারে তাঁকে বাড়িতে পৌঁছে দেন সহকর্মী ও শিক্ষার্থীরা। গাড়িটির সামনে ছিল প্রায় ৪০টি মোটরসাইকেলের বহর। প্রায় তিন কিলোমিটার পথ পাড়ি দিয়ে তাঁকে সখীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে তাঁর বাসায় পৌঁছে দেওয়া হয়।
সহকর্মী ও শিক্ষার্থীদের কাছ থেকে এমন সম্মান পাবেন, তা কখনো ভাবেননি শিক্ষক ফজলুল হক মিয়া। বিদায় অনুষ্ঠানে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, 'বিদায় বেলায় আমাকে এত সম্মান দেখানো হবে, তা আমি কখনো ভাবতেও পারিনি। আমার খুবই ভালো লেগেছে। এমন রাজকীয় বিদায়ের কথা আমি জীবনে কখনো ভুলতে পারব না।'
সিলেটভিউ২৪ডটকম/আশিক/১০




