ছবি: সংগৃহিত
দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার একমাত্র এজাহারভুক্ত পলাতক আসামি রিফাত পারভেজ শাওনকে (২৫) ঝিনাইদহ থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকালে বিষয়টি জানিয়েছে র্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায়, সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা পৌণে ৭টার দিকে ঝিনাইদহের হরিণাকুন্ডু থানার দোয়েল চত্বর মোড় এলাকায় র্যাব-৬-এর সহযোগীতায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
শাওন ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার বড়ইছরা গ্রামের কামাল পারভেজের ছেলে।
র্যাব জানায়, ভুক্তভোগী সরাইলের একটি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। ২০২৫ সালের ১৪ মে বিদ্যালয়ে যাওয়ার পথে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে অপহরণ করা হয়। পরে ঢাকার মিরপুরের একটি বাসায় নিয়ে তাকে ধর্ষণ করা হয়েছিল। গত ১২ জুন মিরপুর থেকে ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় তার বাবা সরাইল থানায় মামলা করলে র্যাব ছায়াতদন্ত শুরু করে এবং শাওনকে গ্রেপ্তারে সক্ষম হয়।
তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
সিলেটভিউ২৪ডটকম/মআস-০৩/ইকে-০৪




