ছবিঃ সংগৃহীত ছবি।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শিয়ালগাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন গোবিন্দগঞ্জের পাঁছগছি বাজার এলাকার নজরুল মিয়ার ছেলে লিমন মিয়া (২৫) ও কোচাশহর চাঁদপাড়া এলাকার শাহীন আলমের ছেলে রুবেল মিয়া (৩০)।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে দ্রুতগতিতে পাশ কাটিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক দুই জনই গুরুতর আহত হন। তাদের দ্রুত গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক সেবা দিয়ে বগুড়া শহিদ জিয়া মেডিকেল কলেজে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুই জনই মারা যান।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-০৪




