ছবিঃ সংগৃহীত ছবি।

নোয়াখালী সদর উপজেলায় সংযুক্ত আরব আমিরাত প্রবাসী এক যুবকের বিয়ের দিন ধার্য করা হয়েছে আগামী বুধবার (২ সেপ্টেম্বর)। এ উপলক্ষে আত্মীয়-স্বজনরা বাড়িতে অবস্থান করছেন। কিন্তু বিয়ের পিঁড়িতে বসার আগে দুঃসংবাদ শুনলেন প্রবাসী রাজু হোসেন। 

 


রাজুর দাবি, বিয়ে বাড়িতে চাঁদার দাবিতে হামলা করা হয়েছে। হামলায় নারী ও শিশুসহ একই পরিবারের ৮ জন আহত হয়েছেন। সোমবার (৩১ আগস্ট) বিকেলে নোয়াখালী সদর উপজেলার পূর্ব এওজবালিয়া গ্রামে এই হামলার ঘটনা ঘটে।

 

আহতরা হলেন- প্রবাসী রাজুর বাবা আবদুল হক মাস্টার (৭০), মা ফেরদৌসী বেগম (৫৫), ছোট ভাই আজাদ হোসেন (২০), বড় বোন সুমি (২৮), শারমিন (২৬), ভাগিনা রাফসান (৮), ভাগনি আয়েশা (৪) ও লিজা (২)। তাদের মধ্যে রাজুর বাবা, মা, ভাই ও দুই বোনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, একই এলাকার আনোয়ার, আকবর, রহমানরা চাঁদা দাবি করে আসছিলো। চাঁদা না পেয়ে তারা বিভিন্ন সময় হামলার হুমকি দিয়ে আসছে। সোমবার (৩২ আগস্ট)  দুপুর ১২টার দিকে আনোয়ার, আকবর ও রহমানের নেতৃত্বে ২০/২৫ জন বাড়িতে এসে হুমকি দিতে থাকে। এ সময় ৯৯৯ এ ফোন দিলে দুপুর ২টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিয়ের পরে বিষয়টি সমাধানের আশ্বাস দিয়ে যায়। পুলিশ চলে যাওয়ার পর তারা আরো ক্ষিপ্ত হয়ে বিকেল ৪টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে হামলা করে।

 

এ ঘটনায় নোয়াখালীর সুধারাম মডেল থানার ওসি নজরুল ইসলাম জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-০২