সুনামগঞ্জের দিরাই পৌরসভার মজলিশপুর এলাকায় একটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফাঁকা ঘরের স্টিলের দরজা ছিদ্র করে ছিটকিনি ভেঙে ভেতরে প্রবেশ করে চোর। পরে ঘরের আসবাবপত্র তছনছ করে স্টিলের আলমারি থেকে বিয়ের পুরোনো কাপড়চোপড় নিয়ে যায়।
বাড়ির মালিক শিক্ষক রাহুল তালুকদার জানান, তাঁর স্ত্রী সন্তানসম্ভবা হওয়ায় কয়েক দিন আগে পরিবারের সবাই বাড়ি তালা দিয়ে সিলেটে যান। বুধবার (২ সেপ্টেম্বর) চুরির খবর পেয়ে বাড়ি ফিরে তাঁরা দেখতে পান দরজায় ছিদ্র করা এবং ঘরের ভেতরের বিভিন্ন জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে।
শিক্ষক রাহুল জানান, ঘরে স্বর্ণালংকার ও নগদ টাকা ছিল না। এ কারণে চোর তেমন মূল্যবান কিছু নিতে পারেনি। তবে স্টিলের আলমারিতে থাকা বিয়ের পুরোনো দামী কাপড়চোপড় নিয়ে গেছে, যার আনুমানিক মূল্য ৩০ থেকে ৩৫ হাজার টাকা।
স্থানীয়রা জানান, মজলিশপুর এলাকায় প্রতিদিন এ ধরনের চুরির ঘটনায় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ফাঁকা বাসা ও বাসাবাড়ির নিরাপত্তা নিয়ে নতুন করে চিন্তিত হয়ে পড়েছেন অনেকে। রাতে এলাকায় নজরদারি বাড়ানো এবং চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
সিলেটভিউ২৪/হিল্লোল/আশিক/০৮




