সিলেটের জৈন্তাপুর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (০২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাংপানি নদীতে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ১২ বারকি নৌকা জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত নৌকাগুলো বিকল করে দেওয়া হয়।
জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে সহযোগিতা করে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি ৪৮)।
জৈন্তাপুরের বিভিন্ন নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে ও পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের এরকম অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম।
সিলেটভিউ২৪/মআস/আশিক/০৭




