ছবিঃ সংগৃহীত ছবি।

মাদারীপুর সদরে পুলিশের একটি গাড়ি এক শিশু ও তার বাবাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে প্রাণ হারিয়েছেন এক কনস্টেবল। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার খোয়াজপুর ইউনিয়নের পখিরা গ্রামে এ ঘটনা ঘটে।

 


নিহত আবদুস সালাম (৪০) কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গজারিয়া ইউনিয়নের পশ্চিম চর করমশি গ্রামের আবদুল বারেক ভুইয়ার ছেলে। তিনি শিবচর থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। 

 

স্থানীয় সূত্র পুলিশ জানায়, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকালে পুলিশবাহী একটি পিকআপ মাদারীপুর আদালতে আসামি রেখে শিবচর থানায় ফিরছিল। পথিমধ্যে পুলিশের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান কনস্টেবল সালাম। এই দুর্ঘটনায় গাড়িতে থাকা চার পুলিশ সদস্যসহ ১০ জন আহত হন। 

 


মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া রফিক ভাবনা জানান, মাদারীপুর থেকে শিবচরগামী পুলিশের একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। একজন পুলিশ সদস্য মারা গেছেন। আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠানো হয়।

 

 

 

সিলেটভিউ২৪/ডেস্ক/আশিক/০৮