গোসল করতে নেমে পুকুরে ডুবে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।
রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুরে সদর উপজেলার শাকচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শাকচর এলাকায় ইব্রাহিম পাটোয়ারী বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আবু সিদ্দিক (৭০), তার নাতি পিয়াস (৭) ও নাতনি পপি আক্তার (৮)। নিহত আবু সিদ্দিক একই গ্রামের পাটোয়ারী বাড়ির আব্দুল মান্নান পাটোয়ারীর ছেলে। পিয়াস তার (সিদ্দিক) ছেলে আব্দুল আজিজের সন্তান ও পপি তার মেয়ে সুমি আক্তারের সন্তান।
স্থানীয়রা জানায়, আবু সিদ্দিক তার দুই নাতি-নাতনিকে নিয়ে বাড়ির সামনের পুকুরে গোসল করতে যান। ঘটনার প্রায় এক ঘণ্টা পর স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে।
ধারণা করা হচ্ছে, আবু সিদ্দিক পানিতে ডুব দিলে স্ট্রোক করেন। যার কারণে তিনি ডুব দিলেও আর উঠতে পারেননি। এতে তাকে বাঁচাতে গিয়ে নাতি-নাতনিও ডুবে মারা গেছে।
শাকচর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মেহেদী হাসান ফারুক বলেন, একই পরিবারের তিনজন মারা গেছেন। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বলেন, ঘটনাটি শুনেছি। খুবই দুঃখজনক। ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৫




