সুজন-সুশাসনের জন্য নাগরিক বানিয়াচং উপজেলা কমিটির সভাপতি দেওয়ান শোয়েব রাজার মমতাময়ী মা বেগম আহমদা চৌধুরী ইন্তেকাল করেছেন।  সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে বানিয়াচং উপজেলার ৩নং হাবেলী রাজবাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

 


তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া। একজন স্নেহময়ী মা হিসেবে তিনি যেমন ছিলেন পরিবারের ভালোবাসার আশ্রয়স্থল, তেমনি তাঁর সহজ-সরল জীবনযাপন ও মানবিক গুণাবলির কারণে এলাকার মানুষের কাছেও ছিলেন অত্যন্ত শ্রদ্ধাভাজন। দেওয়ান শোয়েব রাজার মায়ের মৃত্যুতে সুজন-সুশাসনের জন্য নাগরিক বানিয়াচং উপজেলা কমিটির নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

 

এক শোকবার্তায় সুজনসুশাসনের জন্য নাগরিক বানিয়াচং উপজেলা কমিটির সম্পাদক মো. জসিম উদ্দিন বলেন, ‘তিনি ছিলেন একজন অত্যন্ত মানবিক, পরোপকারী ও জনহিতৈষী নারী। রাজপরিবারের একজন সদস্য হয়েও তিনি কখনো আভিজাত্যের গণ্ডিতে নিজেকে আবদ্ধ রাখেননি। সাধারণ মানুষের সঙ্গে সহজভাবে মিশে যাওয়া এবং সাধারণ জীবনযাপনের মধ্যেই তিনি খুঁজে নিয়েছিলেন জীবনের প্রকৃত সৌন্দর্য। এ কারণেই এলাকার মানুষের কাছে তিনি ছিলেন অত্যন্ত সম্মানিত ও গণমান্য একজন নারী।’

 

তিনি আরও বলেন, ‘তাঁর মৃত্যু শুধু শোয়েব রাজা ও তাঁর পরিবারের জন্য নয়, আমাদের সকলের জন্যই এক অপূরণীয় ক্ষতি। একজন মমতাময়ী মা ও মানবিক মানুষের শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়।’

 

সুজন-সুশাসনের জন্য নাগরিক বানিয়াচং উপজেলা কমিটি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

 

 


সিলেটভিউ২৪ডটকম/ জসিম/ এহিয়া-১৪