সন্ন্যাসীর ছদ্মবেশ ধারণ করেও শেষ রক্ষা হলো না সিলেটের শীর্ষ ছিনতাইকারী রাজীব ওরফে ‘মাছচোরা রাজীবের’।
দীর্ঘদিন আত্মগোপনে থাকা পুলিশ এসল্ট মামলার প্রধান আসামি রাজীবকে গ্রেপ্তার করেছে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) যৌথ একটি দল। এ সময় তার কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কাষ্টঘর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বন্দর বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) শহিদুল ইসলাম এবং ডিবি সিআরটি স্পেশাল টিমের ইনচার্জ এসআই (নিঃ) মিজানুর রহমান। তাদের সঙ্গে পুলিশের একটি দলও ছিল।
পুলিশ জানায়, গ্রেপ্তার রাজীব কোতোয়ালী মডেল থানার মামলা নম্বর-২৪(৮)২৬-এর (পুলিশ এসল্ট) এজাহারনামীয় প্রধান আসামি। এছাড়া তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি, দস্যুতার দুটি এবং বিশেষ ক্ষমতা আইনে একটি মামলাসহ পাঁচটিরও বেশি গুরুতর অপরাধের মামলা রয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে দীর্ঘদিন ধরে নানা কৌশল অবলম্বন করে আসছিল রাজীব। নিজের পরিচয় গোপন রাখতে বিভিন্ন সময় ছদ্মবেশ ধারণ করে এক স্থান থেকে অন্য স্থানে অবস্থান করত সে। গ্রেপ্তারের আগেও নিজেকে আড়াল করতে সন্ন্যাসীর ছদ্মবেশ নিয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
তবে শেষ পর্যন্ত পুলিশের গোয়েন্দা নজরদারি ও যৌথ অভিযানের জালে ধরা পড়ে রাজীব। অভিযানকালে তার কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।
পুলিশের ভাষ্য, রাজীব নগরীর একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে একাধিক গুরুতর অপরাধের মামলা রয়েছে। দীর্ঘদিন আত্মগোপনে থাকায় তাকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর ছিল।
সিলেট মহানগর পুলিশ জানিয়েছে, নগরীকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখতে চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যত কৌশলেই আত্মগোপন করুক, তাকে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান চলবে।
সিলেটভিউ২৪ডটকম/ শাদি-আচৌ




