দীর্ঘদিন পর প্রিয়জনদের কাছে দেশে ফেরার স্বপ্ন নিয়ে সৌদি আরব থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সিলেট জেলার কানাইঘাটের দুই প্রবাসী। ফেরার টিকিটও ছিল তাদের হাতে, অপেক্ষায় ছিল স্বজনরা। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আপনজনদের কাছে আর ফেরা হলো না তাদের। বিমানবন্দরে পৌঁছানোর আগেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুজনই। হাতে দেশে ফেরার টিকেট থাকলেও বিমানে ওঠা হয়নি তাদের।

 



সৌদি আরবের তায়েফ থেকে জেদ্দায় যাওয়ার পথে বিমানবন্দরগামী একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে চার বাংলাদেশি নিহত হয়েছেন। 

 

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে তায়েফের আল-খুরমা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

 

জানা গেছে, তায়েফ থেকে জেদ্দার উদ্দেশ্যে যাওয়ার পথে আল-খুরমা এলাকায় গাড়িটি দুর্ঘটনার শিকার হয়। এতে গাড়ির চালকসহ চারজন নিহত হন। নিহতদের মধ্যে দুজনের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়।

 


নিহত দুই প্রবাসী হলেন আব্দুল করিম ও খালিদ আহমদ। তাদের বাড়ি কানাইঘাট উপজেলার ৭ নম্বর দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের গাছবাড়ী এলাকার লামার তালুক গ্রামে।

 


খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে ফেরার প্রস্তুতি নিয়েছিলেন আব্দুল করিম ও খালিদ আহমদ। লাগেজ গুছিয়ে প্রিয়জনদের সঙ্গে দেখা করার স্বপ্ন নিয়ে তারা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। কিন্তু সেই যাত্রাই হয়ে ওঠে তাদের জীবনের শেষ যাত্রা।

 


দুই প্রবাসীর মৃত্যুর খবর দেশে তাদের নিজ এলাকায় পৌঁছালে স্বজন ও এলাকাবাসীর মধ্যে নেমে আসে শোকের ছায়া। প্রিয়জনদের বরণ করে নেওয়ার অপেক্ষায় থাকা পরিবারগুলোর আনন্দ মুহূর্তেই পরিণত হয় কান্নায়। এলাকায় সৃষ্টি হয় হৃদয়বিদারক পরিবেশ।

 


দুই প্রবাসীর মৃত্যুর খবর নিশ্চিত করে স্থানীয় ইউপি চেয়ারম্যান লোকমান উদ্দিন জানান, খবরটি অত্যন্ত মর্মান্তিক। তিনি বলেন, দুই প্রবাসীর মৃত্যুর খবর পাওয়ার পর আমি তাদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে বাড়িতে গিয়েছি। পরিবার দুটির জন্য এটি অপূরণীয় ক্ষতি।

 


উল্লেখ্য, চলতি বছরের জুন মাসে কাতারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসীর মৃত্যু হয়। সেই শোকের রেশ কাটতে না কাটতেই জুলাই মাসে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আরও একজন কানাইঘাট প্রবাসীর মৃত্যু হয়।

 


এরই মধ্যে আবারও সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কানাইঘাটের দুই প্রবাসীর মৃত্যুর ঘটনায় এলাকায় নতুন করে শোকের মাতম শুরু হয়েছে।


সিলেটভিউ২৪ডটকম/ মাহবুব