ছবি : সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের পর এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 


সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে পৌরসভার অরণকোলা সিমেন্ট মিলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃত আতিকুর রহমান সূর্য প্রামাণিক (৪৫) ঈশ্বরদী পৌরসভার অরণকোলা এলাকার নূর মোহাম্মদ ওরফে রুনুর ছেলে। তিনি পৌর ৬নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শেখ হাসিনার প্রত্যাবর্তনকে সামনে রেখে ও পাবনা যুবলীগের কমিটিকে সংবর্ধনা জানিয়ে ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল ও হাবিবুর রহমানের নির্দেশনায় ভোররাতে ঈশ্বরদী-ঢাকা মহাসড়কের হাড়ুখালী এলাকায় এই ঝটিকা মিছিল বের করা হয়।

 

এসময় মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দাশুরিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইসরাইল, পাকশী ইউনিয়ন যুবলীগের মিরাজ হাসান, আরিফ বিশ্বাস, তুহিন প্রামানিক, সোহেল, ফিরোজ প্রমুখ।

মিছিলে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ ছাড়া পাবনা-৪ আসনের সাবেক এমপি গালিবুর রহমান শরীফ, স্থানীয় কমিশনার হাশেম ও তার ভাই হাব্বুলসহ স্থানীয় নেতাদের নামে স্লোগান দিয়ে মিছিলটি অরণকোলা মোড়ে গিয়ে শেষ হয়।

 

ভোররাতের এই ঝটিকা মিছিলের ভিডিও ও তথ্য পর্যালোচনা করে সোমবার বিকেল পৌনে ৪টার দিকে পৌরসভার অরণকোলা সিমেন্ট মিলের সামনে থেকে আতিকুর রহমান সূর্য প্রামাণিককে গ্রেপ্তার করে ঈশ্বরদী থানা ও আমবাগান পুলিশ ফাঁড়ির যৌথ দল।

 

ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন বলেন, ‘সকালে মিছিলের জের ধরে সূর্য নামের এক আওয়ামী লীগ কর্মীকে গ্রেপ্তার করে প্রথমে আমবাগান ফাঁড়িতে এবং পরে ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে।’

 

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান কালবেলাকে বলেন, ভোরে মিছিল হওয়ায় যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে উপজেলা যুবলীগ সভাপতি তমাল শরীফের বাড়িতে গোপন বৈঠক করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইকে-০১