একসময় ছিলেন বন্ধু, পরে দুজনের দূরত্ব এত বাড়ল যে, কেউ কেউ ‘শত্রু’ শব্দ ব্যবহার করতেও দ্বিধা করলেন না। সাকিব আল হাসান ও তামিম ইকবালের দূরত্ব এখনো এক রহস্যের বিষয়। তবে তারা দুজনই নিশ্চিত করেছিলেন, তাদের এই দূরত্বের কারণে দল যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়।
তবে প্রথম যখন বুঝতে পারলেন সাকিব-তামিমের মধ্যে আগের সুসম্পর্ক নেই, তখন কেমন বোধ করছিলেন তখনকার টিম ডিরেক্টর? ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম বিডিক্রিকটাইমকে খুলে বলেছেন খালেদ মাহমুদ সুজন। তিনি বলেন, ‘এটা প্রথমে আসলে বুঝতে পারতাম না। আমরা যতটা চিনি ওরা বেস্ট ফ্রেন্ড। সবসময় একসঙ্গে থাকা, আড্ডা, গল্পগুজব করা।’
দুজনের দূরত্বের কথা শুনে সুজনই সবার আগে আলোচনায় বসলেন তাদের সঙ্গে, ‘একদিন আমি তাদের দুজনের সাথেই বসলাম। তখন শুনলাম ওদের মধ্যে… এটা ওদের পারসোনাল লাইফ হতে পারে। তবে দুজনকেই অনুরোধ করেছিলাম, দল ও দেশের স্বার্থে এটা যেন বাইরে না যায়।’
তবে সাকিব-তামিম দুজনই তখন এমন এক পর্যায়ে পৌঁছেছেন, তাদের আর বলে বোঝানোর সুযোগ নেই, ‘ওরা তো বাচ্চা নয়। কেউ কাউকে এভয়েড করলে আমি তো জোর করতে পারব না। অনূর্ধ্ব-১৮ দলের বাচ্চাদের বলতে পারি- এটা করো, ওটা করো না। জাতীয় দলের হয়ে খেলছে, এত বড়, তাদের তো এসব বলা যায় না।’
দলে অস্বস্তির জন্ম দিয়েছিল। যা অনেকেই মনে করেন- বিশ্বকাপে ভরাডুবিরও কারণ ছিল। তিনি বলেন, ‘২০২৩ বিশ্বকাপের আগে সাকিব প্রথম যখন কথাটা বলল, একটু মনে হয় ইয়ে ছিল। পাবলিকলি বলা… ড্রেসিংরুমের কথা কেন বাইরে যাবে? এটা আমার একদম পছন্দ না। ড্রেসিংরুম আমার জন্য পরিবার। সেখানকার কথা হলো পারিবারিক কথা। ওই ঘটনায় শুরুতে সবাই কিঞ্চিৎ…।’
তবে বিশ্বকাপে গিয়ে এসব ভুলে যাওয়ার চেষ্টা করেন তারা, ‘ট্যুরে যাওয়ার পর এই কথাই তুলিনি। আমি বলেছিলাম, এটা নিয়ে যেন কোনো কথা না ওঠে। দলে সাকিবের ভক্ত থাকতেই পারে, তামিমের ভক্ত থাকতেই পারে। তবে পেশাদারিত্ব এসবের অনেক ওপরে। যতই ফ্যান হন, আপনি পারফর্ম না করলে সাকিব-তামিম আপনাকে দলে জায়গা দিতে পারবে না।’
তবে সাকিব ও তামিম দুজনই জোর দিয়েই তাকে বলেছিলেন- তাদের দূরত্ব দলে কোনো প্রভাব ফেলেনি। সুজন বলেন, ‘তবে সাকিব-তামিমের সঙ্গে আমি এক জায়গায় একমত, তাদের দূরত্বের কারণে দলের রেজাল্ট খারাপ হয়নি। দিনশেষে সবাই চায় পারফর্ম করতে। এটা পাড়ার দল না যে রাগ করে বলবে আজ ব্যাটিং করব না। এটা আপনার রুটি-রুজি, সম্মান, গৌরব। পারফর্ম করতেই হবে। এখানে কোনো ছাড় ছিল না।’
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৮




