সিলেটে ১০ দিনে ছয়টি এয়ারগান উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। পরিত্যক্ত অবস্থায় এয়ারগানগুলো উদ্ধারের সময় কাউকে আটক করা যায়নি।
 

র‌্যাব জানায়, ৮ সেপ্টেম্বর গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের একটি জঙ্গল থেকে পরিত্যক্ত অবস্থায় চারটি এয়ারগান উদ্ধার করে র‌্যাব।
 


এদিকে, ১০ সেপ্টেম্বর মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পাথরখোলা গ্রামের পেচারিপুল বাঁধের পাশে অভিযান চালায় র‌্যাব। এসময় ঝোপের ভেতর থেকে দুটি এয়ারগান উদ্ধার করা হয়।

অভিযানের পর এয়ারগানগুলো সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে র‌্যাব।
 

এ বিষয়ে র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, উদ্ধার করা এয়ারগানগুলোর সঙ্গে সংশ্লিষ্ট কাউকে আটক করা যায়নি। এয়ারগানগুলো কাদের জিম্মায় ছিল সেটি সনাক্তে র‌্যাব তদন্ত করছে।

 


সিলেটভিউ২৪ডটকম/মআস ০৪